© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজ্যজুড়ে অনুপস্থিত ‘রাজা শোয়েব আখতার’

শেয়ার করুন:
রাজ্যজুড়ে অনুপস্থিত ‘রাজা শোয়েব আখতার’

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ পিএম | ০১ মার্চ, ২০২৫
শোয়েব আখতার, যাকে সবাই আদর করে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলে ডাকে, রাওয়ালপিন্ডি শহরের এক অদ্বিতীয় ব্যক্তিত্ব। তার জন্যই রাওয়ালপিন্ডি শহর বিশ্বের কাছে পরিচিত হয়েছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একটি গেট তার নামে উৎসর্গ করা হয়েছে, এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর আওতাধীন একটি স্টেডিয়ামের নামও রাখা হয়েছে 'শোয়েব আখতার ক্রিকেট স্টেডিয়াম'।

শোয়েব আখতার রাওয়ালপিন্ডির ক্রিকেটীয় গৌরবকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন। রাওয়ালপিন্ডি যদি একটি ক্রিকেটীয় রাজ্য হয়, তাহলে সেই রাজ্যের রাজা নিঃসন্দেহে শোয়েব আখতার। তবে আজকাল এই রাজ্যে কোথাও যেন শোয়েবের উপস্থিতি অনুপস্থিত।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে অনেকের নাম আছে, অনেক অনেক ক্রিকেটারের ছবি আছে; নেই শুধু শোয়েব আখতারের। কেননা, যে মাঠে শোয়েবের ডেব্যু, সেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কখনোই ইনিংসে পাঁচ উইকেট পাননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের সেই অনার্স বোর্ডে নাম তুলেছেন মুশফিকুর রহিম, হাসান মাহমুদরা। মেহেদী হাসান মিরাজ কিংবা লিটন দাসেরও সেই অনার্স বোর্ডে নাম আছে।

টেস্ট ওয়ানডে মিলিয়ে ষোলোবার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন শোয়েব, ম্যাচে দশ উইকেট দুইবার। তার একটাও পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে না। সবমিলিয়ে যে মাঠে শোয়েবের ডেব্যু, সেই পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দশ ইনিংসে পনেরোটা উইকেটও নিয়েছেন; কিন্তু একবারও পাঁচ উইকেট মেলেনি, তাই নামও ওঠেনি অনার্স বোর্ডে।

পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমের পাশের লবিতে কত কত ক্রিকেটারের ছবি, অর্জনের গল্প। নেই শুধু একটা নাম, একটা ছবি। শোয়েব আখতার, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, দ্য ফেইস অব রাওয়ালপিন্ডি।

মন্তব্য করুন