সোসিয়েদাদের বিপক্ষে দলে পরিবর্তনের আভাস দিলেন বার্সেলোনা কোচ
ছবিঃ সংগৃহীত
১১:২৯ পিএম | ০১ মার্চ, ২০২৫
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের কিছুটা বিশ্রাম দিতে চান তিনি।
চলতি মৌসুমের শেষ ধাপে এসে তিনটি শিরোপার জন্য লড়ছে বার্সেলোনা। সামনে রয়েছে টানা ম্যাচের চ্যালেঞ্জ। এই বছরের দুর্দান্ত ফর্ম ধরে রেখে কাতালান ক্লাবটি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত রয়েছে। তারা লা লিগায় শীর্ষে, কোপা দেল রেতে সেমি-ফাইনালে এবং চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।
রোববার লা লিগায় সোসিয়েদাদের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বার্সেলোনা। এরপর তিন দিনের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে বেনফিকার। তার ঠিক তিন দিন পর লা লিগায় আবার মাঠে নামবে ওসাসুনার বিপক্ষে।
আগামী ১০ দিনে চারটি ম্যাচ থাকায়, খেলোয়াড়দের কিছুটা বিশ্রাম দিতে সোসিয়েদাদের বিপক্ষে দলে কিছু পরিবর্তন আনার কথা শনিবার সংবাদ সম্মেলনে জানান ফ্লিক।
“(এই পরিস্থিতিতে) মানিয়ে নেওয়াটা সহজ নয়। এজন্য যা করণীয়, আমরা করব। আমরা সতেজ খেলোয়াড়দের খেলাব।”
“আমরা তিনটি প্রতিযোগিতায় আছি এবং আমরা তিনটি ট্রফির জন্য লড়াই করছি। আমরা যখন (মৌসুম) শুরু করেছিলাম, তখন কেউই ভাবেনি মার্চের ১ তারিখে আমরা এই অবস্থায় থাকব। এই মৌসুমে অনেক কিছু ঘটছে এবং এজন্য আমি অনুশীলনেও পরিবর্তন এনেছি।”
২৫ রাউন্ডে রেয়াল মাদ্রিদের সমান ৫৪ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।