© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় হামজা, বলছেন জামাল

শেয়ার করুন:
দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় হামজা, বলছেন জামাল

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০১ এএম | ০২ মার্চ, ২০২৫
এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। তবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলামকে ছাড়াই বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করেছেন কোচ হাভিয়ের কাবরেরা।

অভিষেকের অপেক্ষায় থাকা এই দুই ফুটবলার প্রথম দিনের অনুশীলনে উপস্থিত না থাকলেও ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাদের নিয়ে মন্তব্য করেছেন কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া।

হামজাকে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হিসেবে সম্বোধন করেছেন ডেনমার্কপ্রবাসী জামাল।

বসুন্ধরায় অনুশীলনের সময় জামাল বলেছেন, ‘আমি মনে করি, এই দলে হামজা সেরা প্লেয়ার এবং সম্ভবত এই সাউথ এশিয়াতেও সেরা খেলোয়াড়। হামজা এলে সেটা সম্ভবত টিমের জন্য সেরা বুস্ট আপ হবে।’
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ।

প্রতিপক্ষের মাঠ থেকে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশে ফিরতে চান জামাল। মিডফিল্ডার বলেছেন, ‘অবশ্যই আমরা ভালো কিছু আশা করি। যদি হেড টু হেড হিসাব করি তাহলে আমি মনে করি, তাদের সঙ্গে আমাদের অনেক বড় পার্থক্য আছে। তবে আমরা প্রত্যাশা করি, একটা ইতিবাচক ফল।

অবশ্যই আমরা তিন পয়েন্ট নিতে চাই। সবাই ভারতের বিপক্ষে ম্যাচ চায়, এই ম্যাচ খেলতে চায়। আমি মনে করি, যারা এই দলে নাই, তারাও এই ম্যাচ খেলতে চায়। (ভারতে গিয়ে) আমরা সর্বশেষ ম্যাচ ভারতের বিপক্ষে খেলছি ২০১৯ সালে, আমি সেই একই খেলা চাই, কিন্তু এবার তিন পয়েন্ট নিতে চায়।’

আর ফাহমিদুলের বিষয়ে সরল স্বীকারোক্তি দিয়েছেন জামাল।

তিনি বলেছেন, ‘ওকে দলের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমি আসলেই উনাকে চিনি না, উনার সম্পর্কে তথ্য দিতে পারব না। কোচ তাকে চুজ করছেন, অবশ্যই তিনি ভালো খেলোয়াড়। তাকে আগে আমাদের সঙ্গে মানিয়ে নিতে হবে, তারপর আমরা দেখব কী হয়।’

ফুটবলাররা ভারতের বিপক্ষে খেলতে উন্মুখ আছেন বলে জানিয়েছেন কাবরেরা। স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমরা শারীরিক এবং মানসিকভাবে ভারত ম্যাচের জন্য প্রস্তুত। আগেও বলেছি শিহরণ জাগরণী ম্যাচ হবে, ছেলেরা ম্যাচটি নিয়ে দারুণ অনুপ্রাণিত। আমি মনে করি, পর্যাপ্ত সময় পাচ্ছি, আমরা যথেষ্ট প্রস্তুতি নিতে পারব এবং ভারতের বিপক্ষে দারুণ কিছু পাওয়ার সুযোগ থাকবে আমাদের।’

আর হামজা ও ফাহমিদুলকে নিয়ে কাবরেরা বলেছেন, ‘যত দ্রুত সম্ভব তারা (হামজা ও ফাহামেদুল) আমাদের সঙ্গে যোগ দেবে, আসলে হামজার ১৬ তারিখে একটা ম্যাচ আছে, তো সে যত তাড়াতাড়ি পারবে, চলে আসবে। তার সঙ্গে যোগাযোগ রয়েছে। আমি তার সম্পর্কে জানি এবং সবসময় তাকে বিষয়গুলো নিয়ে আপডেট রাখার চেষ্টা করছে। আমি যদি ভুল না করি, তাহলে ফাহামিদুলের ম্যাচ আছে ৮ তারিখে (মার্চে), এরপর তিনি দলের সঙ্গে যোগ দেবেন। আবার মনে হয়, ৭-৮ দিনের মতো পাবে তিনি দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। তার সঙ্গেও যোগাযোগ হয়েছে। আমার বিশ্বাস তিনি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারবেন।’

মন্তব্য করুন