ইংল্যান্ড জাতীয় দলে ফেরার ডাক ‘প্রাপ্য’ ম্যাগুইয়ারের
ছবিঃ সংগৃহীত
০৪:২৫ পিএম | ০২ মার্চ, ২০২৫
ম্যানচেস্টার ইউনাইটেডের চলতি মৌসুমের পারফরম্যান্স আশানুরূপ না হলেও ব্যতিক্রম হ্যারি ম্যাগুইয়ার। বিবর্ণ দলের মাঝেও তিনি দেখাচ্ছেন উজ্জ্বল পারফরম্যান্স। তার সাম্প্রতিক ধারাবাহিকতা দেখে ইউনাইটেডের কোচ হুবেন আমুরি মনে করেন, ম্যাগুইয়ারকে ইংল্যান্ড জাতীয় দলে ফেরানো উচিত।
এক সময় ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ম্যাগুইয়ার। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৬৪টি ম্যাচ। তবে এক পর্যায়ে তার ফর্মে বড় ধস নামে। ক্লাব ও জাতীয় দলের হয়ে একের পর এক ভুল করতে থাকেন, ফলে ধীরে ধীরে একাদশে জায়গা হারান। ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেন।
এরপর জাতীয় দল থেকেও বাদ পড়েন তিনি। যদিও গত বছর ইউরো স্কোয়াডে তাকে রেখেছিলেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
ওই সময়টায় ম্যাগুইয়ারকে নিয়ে সমালোচনার পাশাপাশি হাস্যরস, সামাজিক মাধ্যমে ট্রল হতো ফুটবল বিশ্বজুড়েই। তবে সেই দুঃসময়কে এবার চাপা দিতে পেরেছেন ৩১ বছর বয়সী ডিফেন্ডার। ইউনাটেডের রক্ষণে তিনি ভালো করছেন নিয়মিত। এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টার সিটির বিপক্ষে ও গত মাসে প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনের বিপক্ষে দলকে জেতানো গোলও করেছেন।
সামনেই ইংল্যানড জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আলবেনিয়া ও লাটভিয়ার বিপক্ষে। নতুন কোচ টমাস টুখেল দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল ঘোষণা করবেন শিগগিরই। ইউনাইটেড কোচ আমুরির আশা, সেই দলে জায়গা হবে ম্যাগুইয়ারের।
“জাতীয় দলের কোচের জন্য এটুকু যদি যথেষ্ট হয়, আমি খুবই খুশি হব তার জন্য। আমার মতে, তার এটা প্রাপ্য।”
“দারুণ এক ছেলে সে। অবশ্যই এখনও তার উন্নতি করা প্রয়োজন, কারণ একজন ফুটবলার প্রতিটি সময়ই উন্নতি করত পারে এবং উন্নতির অনেক জায়গা থাকে। তবে এই মুহূর্তে তার পারফরম্যান্স বেশ ভালো। সে এখন এমন এক নেতা হয়ে উঠেছে, জাতীয় দলকে যে সহায়তা করতে পারে। আশা করি, জাতীয় দলের পরের ম্যাচগুলিতে সে থাকবে।”
আগামী ২১ মার্চ আলবেনিয়ার বিপক্ষে খেবে ইংল্যান্ড, তিন দিন পর তাদের প্রতিপক্ষ লাটভিয়া।