© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোলকিপারদের সময় নষ্ট ঠেকাতে ফুটবলে আসছে নতুন নিয়ম

শেয়ার করুন:
গোলকিপারদের সময় নষ্ট ঠেকাতে ফুটবলে আসছে নতুন নিয়ম

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৩ পিএম | ০২ মার্চ, ২০২৫
ফুটবল ম্যাচে এগিয়ে থাকা দলগুলোর সময় নষ্ট করার প্রবণতা নতুন কিছু নয়। অনেকেই এটিকে খেলার কৌশল হিসেবে দেখেন। তবে এবার বিষয়টি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

নতুন নিয়ম অনুযায়ী, আগামী গ্রীষ্ম থেকে কোনো গোলকিপার যদি বল হাতে ৮ সেকেন্ডের বেশি সময় ধরে রাখে, তাহলে প্রতিপক্ষ দল সরাসরি কর্নার কিক পাবে।

এখন পর্যন্ত খাতা-কলমে গোলকিপার ৬ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে শাস্তিস্বরূপ একটি ইন-ডিরেক্ট বা পরোক্ষ ফ্রি কিকের নিয়ম আছে। তবে খেলার মাঠে রেফারিদের এর প্রয়োগ করতে খুব একটা দেখা যায় না। ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলসের (এফএডব্লিউ) প্রধান নির্বাহী নোয়েল মুনির মতে, ৬ সেকেন্ড নিয়মটা সময়ের সঙ্গে মিলিয়ে গেছে। নতুন ৮ সেকেন্ড নিয়ম ফুটবলে সময় নষ্ট করার প্রবণতা কমাবে বলে আশাবাদী তিনি।

নতুন এই নিয়মের অধীনে, রেফারি প্রথম ৫ সেকেন্ড একটি ভিজ্যুয়াল কাউন্টডাউন দেখবেন। ৮ সেকেন্ড পার হলেই প্রতিপক্ষ দলকে কর্নার কিক দেয়া হবে। আইএফএবির মতে, গোলকিপারদের অনর্থক সময় নষ্ট করার প্রবণতা ফুটবলের স্বাভাবিক গতিকে নষ্ট করছে।

২০২৪-২৫ মৌসুমে ইতিমধ্যে ইংল্যান্ডের প্রিমিয়ার লীগ ২ (একাডেমি), মাল্টা ও ইতালির ফুটবলে প্রায় ৪০০টির বেশি ম্যাচে এই নতুন নিয়ম পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। এতগুলো ম্যাচে স্রেফ ৩ বার কর্নার কিক প্রদান করা হয়, যা শুধুমাত্র ইংল্যান্ডেই দেখা যায়। মাল্টায় প্রয়োজন হয়নি কোনো কর্নারের এবং ইতালিতে ভিন্ন নিয়মে মাত্র একবার থ্রো দেয়া হয়। এ প্রসঙ্গে ফিফার সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্র্যাফসট্রম বলেন, ‘আমরা পরীক্ষা করেছি এবং সেটি সফল ছিল। রেফারিদের কর্নারের জন্য (প্রায়ই) সংকেত দিতে হয়নি।’ ২০২৫-২৬ মৌসুম থেকে গোলকিপারের অতিরিক্ত সময় নষ্ট ঠেকাতে ফুটবল বিশ্বে চালু হবে নতুন এই নিয়ম।


মন্তব্য করুন