ভারতকে বাড়তি সুবিধা দেওয়ায় আইসিসিকে ধুয়ে দিলেন ভিভ রিচার্ডস
ছবি:সংগৃহীত
০৯:৫০ পিএম | ০৩ মার্চ, ২০২৫
ক্রিকেট বিশ্বের নীতিমালা কি সবার জন্য এক নাকি কিছু দলের জন্য বিশেষ সুবিধা থাকে? চ্যাম্পিয়ন্স ট্রফির চলমান ফরম্যাট নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। ভারত এক ভেন্যুতে খেলার সুবিধা পেলেও, অন্য দলগুলোকে ভ্রমণের ধকল সামলাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে, আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস। তার মতে, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার উচিত আরও স্বচ্ছ ও ন্যায়সংগত হওয়া।
চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে, যেখানে ভারত ছাড়া সব দলকে খেলতে হচ্ছে দুই দেশে। একমাত্র ভারতকেই দেওয়া হয়েছে এক ভেন্যুতে খেলার সুবিধা। আর এ নিয়ে এবার মুখ খুলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডস। তার মতে, এই অনিয়মের পুরো দায় আইসিসির, কারণ তারা পুরো টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা করেছে এবং এটি তদারকির দায়িত্বও তাদের। কিন্তু কেন তারা এমন পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিল? এই প্রশ্ন তুলেছেন রিচার্ডস।
তিনি বলেন, মানুষ যখন বলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, তখন তাদের যুক্তি অবশ্যই থাকতে পারে। আমার মনে হয়, এটা রাজনীতির কারণে হয়েছে। আমি রাজনীতিতে যেতে চাই না, কিন্তু আমি বিশ্বাস করি, ক্রিকেট পরিচালনার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত, সেই আইসিসিই এখানে সমস্যার মূল কারণ।
রিচার্ডস আরও বলেন, আমি চাই আইসিসি এর জবাব দিক। তারা যদি সত্যিই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হয়, তাহলে এখন কেন এমনটা হচ্ছে? সত্যি বলতে, আমি বিশ্বাস করি খেলাধুলাই আমাদের একত্রিত করতে পারে, এমনকি শত্রুদেরও। কিন্তু যখন পক্ষপাতিত্ব হয়, তখন তা ক্রীড়ার চেতনার জন্য ভালো নয়।
এই হাইব্রিড মডেল নিয়ে ইতোমধ্যেই একাধিক ক্রিকেটার ও বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন। তবে আইসিসির তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। রিচার্ডসের মতো একজন কিংবদন্তির মন্তব্যের পর এবার ক্রিকেট প্রশাসনের কোনো পরিবর্তন আসে কি না, সেটাই দেখার বিষয়।