© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনার কোচিং প্যানেলে রদবদল

শেয়ার করুন:
ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনার কোচিং প্যানেলে রদবদল

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০০ পিএম | ০৫ মার্চ, ২০২৫
চলতি মার্চ মাসে আর্জেন্টিনার সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত এই ম্যাচগুলোতে তাদের মুখোমুখি হতে হবে মহাদেশের দুই শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়ে এবং ব্রাজিলের। তাই মার্চ মাসটি আর্জেন্টিনার জন্য বেশ কঠিন হতে চলেছে। তবে, এমন শক্তিশালী সূচির আগেই আর্জেন্টিনার কোচিং প্যানেলে রদবদল আসতে যাচ্ছে।

২০২৪ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকাজয়ী দলের গোলরক্ষক কোচের জায়গায় ছিলেন ড্যানিয়েল কানুয়ে। মার্তিন তোকাল্লির সঙ্গে এমিলিয়ানো মার্তিনেজ, জিরোনিমো রুল্লিদের কোচিং করিয়েছিলেন। কিন্তু মার্চের প্রথম সপ্তাহে নিজের দায়িত্ব ছাড়তে চলেছেন এই গোলরক্ষক কোচ। আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং ছেড়ে মেক্সিকান ফুটবলে ফিরে যাচ্ছেন কানুয়ে।

খবরটি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার অন্য গোলরক্ষক কোচ মার্তিন তোকাল্লি। তিনিই কানুয়ের শেষ সময়ের কথাগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। কোপা আমেরিকাজয়ী দলের কোচিং স্টাফের সদস্য কানুয়ে নিজের বিদায়ী বক্তব্যে বলেন, ‘আমরা জানিনা কতদিন একই জায়গায় থাকব। কিন্তু কীভাবে পরের ধাপে পথ চলব সেটা আমরা বেছে নিতে পারি। এটা এক অসাধারণ পর্ব ছিল, যা কখনোই ভোলার মতো না।’ 

আর্জেন্টাইন জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পরেই মেক্সিকান ক্লাব টাইগার্সের কোচিং পদে যোগ দিচ্ছেন কানুয়ে। বর্তমানে সেখানে আছেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার গুইদো পিজ্জারো। ডিফেন্সিভ মিডফিল্ডার পিজ্জারো আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত। 

বিদায়বেলায় কানুয়ে বলেন, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। এই পর্ব শেষ করার সিদ্ধান্ত নেয়াটা সহজ ছিল না। তবে আমি বিশ্বাস করি প্রতিটা চক্রের একটি নির্দিষ্ট সময় এবং উদ্দেশ্য আছে। আমি শিক্ষা, অভিজ্ঞতা এবং স্বপ্ন পূরণের গর্ব নিয়ে যাচ্ছি।’

ড্যানিয়েল কানুয়ে চলে যাবার পর আর্জেন্টিনার গোলরক্ষক কোচ হিসেবে কাজ করে যাবেন মার্তিন তোকাল্লি। আলবিসেলেস্তেদের পরের ম্যাচ ২২ মার্চ সকালে (বাংলাদেশ সময়) উরুগুয়ের বিপক্ষে। পরের ম্যাচ ২৬ মার্চ সকালে (বাংলাদেশ সময়)। যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। 


এস এস / টিএ

মন্তব্য করুন