বাংলাদেশের সঙ্গে ম্যাচের আগে দলে ফিরলেন সুনীল ছেত্রী!
ছবি : সংগৃহীত
০৭:৩০ এএম | ০৭ মার্চ, ২০২৫
অবসর ভেঙে মাঠে ফিরছেন সুনীল ছেত্রী। সাবেক ভারতীয় অধিনায়ক এই মার্চ মাসে ফিফা উইন্ডোতে ভারতের জার্সিতে ফের খেলবেন। ভারতের হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। ৯৪ গোল করা ছেত্রী আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা।
বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাতে ভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পক্ষ থেকে বলা হয়েছে, ‘সুনীল ছেত্রী ইজ ব্যাক। মার্চে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ভারতীয় দলে ফিরতে চলেছেন অধিনায়ক, নেতা এবং কিংবদন্তী।
আগামী ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচ দিয়েই পুনরায় ফুটবল মাঠে ফিরতে চলেছেন ৪০ বছর বয়সী এই তারকা। এরপর ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে তারা বাংলাদেশের মুখোমুখি হবে। দুটি ম্যাচই হবে শিলংয়ে। সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবলে ফেরার খবরটি ইতোমধ্যে ছড়িয়ে পড়লেও, এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি ভারতীয় এই উইঙ্গার।
এর আগে ২০২৪ সালের ১৫ মে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছিলেন ছেত্রী। এরপর ৬ জুন কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে নিজের শেষ ম্যাচটিও খেলেছেন। মত বদলে আবারও পেশাদার ফুটবলে জাদু দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন এই এশিয়ান ফুটবল কিংবদন্তি। এর আগে ২০০৫ সালের ১২ জুন পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেন সুনীল। সেই অভিষেক ম্যাচেই তিনি গোল করেছিলেন।
এসএম