শামির রোজা না রাখা নিয়ে বিতর্ক, পাশে দাঁড়ালেন সমর্থকরা
ছবি: সংগৃহীত
০৩:৩৪ পিএম | ০৭ মার্চ, ২০২৫
ভারতের পেসার মোহাম্মদ শামি মাঠে ব্যস্ত দেশের হয়ে খেলতে, আর ঠিক সেই সময়ই তাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক! রমজান মাস চলছে, কিন্তু সফরে থাকার কারণে রোজা রাখছেন না তিনি। আর এতেই ক্ষোভে ফুঁসছে একাংশ। কেউ বলছেন, এটা ধর্মীয় নিয়মের লঙ্ঘন, আবার কেউ বলছেন, সফরে থাকায় রোজা না রাখা ইসলামসম্মত। এই বিতর্কের মধ্যেই সামনে এলো নতুন এক সত্য!
ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের সময় বাউন্ডারির পাশে জুস পান করতে দেখা যায় শামিকে। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, আর শুরু হয় আলোচনা-সমালোচনা।
অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবউদ্দিন রাজভি কড়া মন্তব্য করেছেন। তার দাবি, সুস্থ মুসলিমদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক। শামি রোজা না রেখে ইসলামিক নিয়ম ভঙ্গ করেছেন এবং এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। তবে এই বিতর্কের বিপরীতে যুক্তি তুলে ধরেছেন অল ইন্ডিয়া ব্যক্তিগত মুসলিম আইন বোর্ডের সদস্য মাওলানা খালিদ রশিদ। তিনি বলেন, ইসলাম অনুসারে সফরে থাকলে রোজা রাখা বাধ্যতামূলক নয়। শামির ক্ষেত্রেও তাই প্রযোজ্য।
শামির পরিবারের দাবি, তাকে ইচ্ছাকৃতভাবে বিতর্কে টেনে আনা হচ্ছে। তার কাজিন ড. মুমতাজ বলেন, ‘পাকিস্তানের অনেক ক্রিকেটারও রোজা রেখে খেলেন না, তাহলে শামিকে নিয়ে এত কথা কেন?’
শৈশবের কোচ বদরউদ্দিন সিদ্দিকি সোজাসাপটা বলেছেন, ‘দেশ সবার আগে। শামির উচিত এসব উপেক্ষা করে মাঠে মনোযোগ দেওয়া।’
এখন প্রশ্ন, মাঠের পারফরম্যান্সে এই বিতর্ক কোনো প্রভাব ফেলবে কি? ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের মূল অস্ত্র হতে চলেছেন মোহাম্মদ শামি। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে তিনি দলের অন্যতম ভরসা। বিতর্ক সরিয়ে রেখে কি মাঠেই উত্তর দেবেন তিনি? সেটাই দেখার বিষয়!
টিএ/