© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন নিয়মে কেমন হবে এবারের আইপিএল?

শেয়ার করুন:
নতুন নিয়মে কেমন হবে এবারের আইপিএল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৮ পিএম | ০৭ মার্চ, ২০২৫
এখনো শেষ হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনা। এরই মধ্যে তুঙ্গে আইপিএল নিয়ে উত্তেজনা! তবে এবারের আসর শুরুর আগেই বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই। যা মানতে হবে সব ক্রিকেটার ও স্টাফদের। না মানলে পড়তে হবে শাস্তির মুখে, গুনতে হবে জরিমানা।

নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচের দিন রাখা যাবে না কোনো অনুশীলন পর্ব। আইপিএলের মাঠ ব্যবহার করা যাবে না অন্য কোনো টুর্নামেন্টের জন্য। অনুশীলনের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। প্রতিটি দলের জন্য মাঠের মাঝে থাকবে দুটি করে নেট। কোনো অবস্থাতেই খোলা নেটে অনুশীলন করা যাবে না। এমনকি এক দল অনুশীলন শেষ করলেও অন্য দল ব্যবহার করতে পারবে না সেই নেট।

নিরাপত্তা ও যাতায়াতেও এসেছে কড়াকড়ি। ক্রিকেটারদের যেতে হবে টিম বাসেই। দল চাইলে দুটি বাস ব্যবহার করতে পারবে। অতিরিক্ত থ্রো-ডাউন বিশেষজ্ঞ বা নেট বোলার চাইলে, আগেই বোর্ডকে তালিকা জমা দিতে হবে। ম্যাচের দিন বোর্ডের দেওয়া পরিচয়পত্র না আনলে প্রথমবার সতর্ক করা হবে, দ্বিতীয়বার করা হবে জরিমানা।

কমলা ও বেগুনি টুপির নিয়মেও এসেছে পরিবর্তন। এই টুপি পাওয়া ক্রিকেটারদের ম্যাচে এটি পরেই খেলতে হবে। কেউ পুরো সময় টুপি পরতে না চাইলে, অন্তত প্রথম দুই ওভারে পরতে হবে, কারণ সম্প্রচারকারী চ্যানেল তখনই তাদের দেখাবে।

জার্সি ও সাপোর্ট স্টাফ নিয়েও আরোপ করা হয়েছে কড়াকড়ি। পুরস্কার বিতরণীতে হাতকাটা জার্সি পরা যাবে না, কেউ পরলে প্রথমবার সতর্ক করা হবে, দ্বিতীয়বার গুনতে হবে জরিমানা। ম্যাচ চলাকালীন কোনো দলের ১২ জনের বেশি সাপোর্ট স্টাফ থাকতে পারবেন না, যার মধ্যে একজন চিকিৎসক রাখা যেতে পারে। জার্সি নম্বর পরিবর্তন করতে হলে, ম্যাচের ২৪ ঘণ্টা আগে তা জানাতে হবে বোর্ডকে।

এবারের আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতোমধ্যে কলকাতা ও চেন্নাইসহ কয়েকটি দল প্রস্তুতি শুরু করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ভারতীয় ও বিদেশি ক্রিকেটাররা যোগ দেবেন এই আসরে।

এসএম/টিএ

মন্তব্য করুন