এশিয়ান কাবাডিতে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের মেয়েরা
ছবিঃ সংগৃহীত
০৪:৫২ এএম | ০৮ মার্চ, ২০২৫
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ দল, স্বাগতিক ইরানের কাছে ৪১-১৮ পয়েন্টে হেরে বিদায় নিতে হয়েছে সেমিফাইনাল থেকেই। তবে ফাইনালে যেতে না পারলেও নিজেদের লক্ষ্য পূরণ করতে পেরেছেন শ্রাবণী-বৃষ্টিরা। ব্রোঞ্জ জয়ের লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছিলেন তারা, আর সেই স্বপ্ন সফল হয়েছে।
কাবাডির নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে হারানো দু’দলই ব্রোঞ্জ পদক পায়। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো কোনো পদক জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। ইরান থেকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দলের সাবেক তারকা ও বর্তমান কোচ শাহনাজ পারভীন মালেকা।
ফাইনালে ইরানের প্রতিপক্ষ ভারত। প্রথম সেমিফাইনালে নেপালকে ৫৬-১৮ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। শনিবার অনুষ্ঠিত হবে ফাইনাল।
শুক্রবার দুপুরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে আসরের সেমিতে জায়গা করে নেন বাংলাদেশের মেয়েরা। একইসঙ্গে তাদের ব্রোঞ্জপদকও নিশ্চিত হয়ে যায়। থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে হারায় বাংলাদেশ।
এ জয়ের পর মালেকা বলেন, এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। আজ কোচ হিসেবে আমার সেই স্বপ্ন পূরণ হলো।