ভারুনের ‘রহস্য’ নিয়ে সতর্ক নিউজিল্যান্ড
ছবি:সংগৃহীত
০৪:০২ এএম | ০৯ মার্চ, ২০২৫
ভারতীয় দলে অভিজ্ঞ ক্রিকেটারদের সংখ্যার অভাব নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাদেরকে নিয়ে নিউজিল্যান্ডের নিশ্চয়ই অনেক পরিকল্পনা থাকবে। তবে কিউইদের ভাবনায় ভারতের এই দলের সবচেয়ে অনভিজ্ঞ ক্রিকেটার, ভারুন চক্রবর্তি, বড় জায়গা দখল করেছে।
গ্রুপ পর্বে নিউ জিল্যান্ডের ব্যাটিংকে স্পিনের মায়াজালে আবদ্ধ করেছিলেন ভারুন। ফাইনালের আগে কিউইরা তাই প্রতিপক্ষের রহস্যময় স্পিনারকে নিয়ে সতর্ক। দলটির অধিনায়ক মিচেল স্যান্টনারের মতে, ভারুন ‘বিশ্বমানের বোলার’।
এখন পর্যন্ত তিনি মাত্র তিনটি ওয়ানডে খেলেছেন এবং ১৮.১২ গড়ে ৮টি উইকেট নিয়েছেন। এর মধ্যে ৫টি উইকেটই তিনি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নিয়ে ছিলেন, যেখানে ১০ ওভারে ৪২ রান খরচ করে কার্যকর বোলিং করেছেন। দুবাইয়ে কিউই ব্যাটসম্যানদের জন্য ভারুনের বোলিংয়ে পথ খুঁজে পাওয়ার কোনো সুযোগ ছিল না।
পরে সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুর্দান্ত বোলিং করেন ভারুন। ওই ম্যাচে দুবাইয়ের উইকেটে আগের ম্যাচগুলোর মতো স্পিনারদের জন্য অতটা সুবিধা ছিল না, তারপরও ১০ ওভারে ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন ৩৩ বছর বয়সী স্পিনার। নিজের প্রথম ওভারেই বিদায় করেন বিপজ্জনক ট্রাভিস হেডকে।
দুবাইয়ে রোববার হবে ফাইনাল। আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এবার ভালো করবেন ব্যাটসম্যানরা, আশায় নিউ জিল্যান্ড অধিনায়ক স্যান্টনার।
“আমি মনে করি, ভারুনের বিপক্ষে ছেলেরা এবার ভালো করবে। নিঃসন্দেহে সে বিশ্বমানের বোলার। এখানে ও আইপিএলে তার রহস্যের কিছুটা দেখেছি। তবে আমাদের কয়েকজনের তার মুখোমুখি হওয়ার প্রথম অভিজ্ঞতা ছিল এটা। ওই ম্যাচ থেকে তারা শিখবে। যদি পিচ (আগের ম্যাচের মতো) একইরকম আচরণ করে, তাহলে তাদের অন্য তিন স্পিনারকে সামলানোও চ্যালেঞ্জিং হবে।”
ওই ম্যাচে ভারুনের আর্ম বলে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়েছিলেন স্যান্টনার। আলাদা করে ওই ডেলিভারির কথাও বললেন এই স্পিনিং অলরাউন্ডার।
“আমরা জানি যে, তার হুমকি এখন কী। সেই ১১৫ কিলোমিটার গতির আর্ম বলটি, যে বলে আমি আউট হয়েছিলাম। হ্যাঁ, আমরা জানি, তাকে সামলানো চ্যালেঞ্জিং হবে।”
ভারতের অন্য তিন স্পিনারও দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটে বেশ ভালো করেছেন। টুর্নামেন্টে ৫টি করে উইকেট নিয়েছেন আকসার প্যাটেল ও কুলদিপ ইয়াদাভ, ৪টি পেয়েছেন রাভিন্দ্রা জাদেজা।