চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ীরা কেন পান সাদা ব্লেজার?
ছবি: সংগৃহীত
০৯:৫৯ পিএম | ০৯ মার্চ, ২০২৫
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নেমেছে। তবে এই টুর্নামেন্টের বিজয়ীরা শুধু ট্রফি নয়, পান আরও একটি বিশেষ সম্মান। সাদা ব্লেজার। তবে, অনেকেই জানেন না এই ঐতিহ্যের পেছনের রহস্য সম্পর্কে? কেন চ্যাম্পিয়নদের গায়ে চড়ানো হয় এই বিশেষ ব্লেজার?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস বেশ পুরনো। তবে সাদা ব্লেজারের প্রচলন শুরু হয় ২০০৯ সালে। এর আগে ১৯৯৮ থেকে ২০০৬ পর্যন্ত পাঁচটি আসরে চ্যাম্পিয়ন দলদের এই ব্লেজার দেওয়া হতো না। দক্ষিণ আফ্রিকা আসরে প্রথমবার অস্ট্রেলিয়া দলকে দেওয়া হয় এই সাদা ব্লেজার। মূলত মিনি বিশ্বকাপজয়ী দলকে বিশেষ সম্মান জানাতেই আইসিসির এই উদ্যোগ।
২০০৯ সালে শুরু হওয়া এই ঐতিহ্য বহন করে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি আসর। সাদা ব্লেজারের নকশার পেছনে রয়েছেন মুম্বাইয়ের ফ্যাশন ডিজাইনার ববিতা এম। ইতালিয়ান উলের সঙ্গে টেক্সার ও স্ট্রাইপস দিয়ে তৈরি এই ব্লেজারে সোনালি রঙের সুতো দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো এমব্রয়ডারি করা থাকে।
আইসিসি নিজেও চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে। যেখানে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেন, ‘এই সাদা ব্লেজার চ্যাম্পিয়নদের সম্মান প্রদর্শন করে।’ সাদা ব্লেজার এখন চ্যাম্পিয়ন্স ট্রফির এক অনন্য প্রতীক। বিজয়ী দলকে সাদা ব্লেজার দেওয়া হয় মূলত ঐতিহ্য ও মর্যাদার প্রতীক হিসেবে। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আইসিসি এই ঐতিহ্য শুরু করে। যা বিজয়ী দলের খেলোয়াড়দের দেওয়া হয় তাদের বিশেষ অর্জনের স্বীকৃতি হিসেবে। এটি ক্রিকেটের ঐতিহ্যবাহী পোশাকগুলোর মধ্যে অন্যতম এবং বিশ্ব ক্রিকেটে এক অনন্য স্টাইল তৈরি করেছে।
অনেকের মতে, এটি টেস্ট ক্রিকেটের সাদা পোশাকের সাথেও সম্পর্কিত। যা খেলার শুদ্ধতা ও মর্যাদাকে তুলে ধরে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে এটি বিশেষভাবে বিজয়ীদের জন্য রাখা হয়েছে। যেটি বিজয় উদযাপনের আলাদা বৈশিষ্ট্য বহন করে।
টিএ/