© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিনি ও এমবাপ্পের গোলে রিয়ালের জয়

শেয়ার করুন:
ভিনি ও এমবাপ্পের গোলে রিয়ালের জয়

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১১ এএম | ১০ মার্চ, ২০২৫
লা লিগায় জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (৯ মার্চ) ভ্যালেকানোর বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আনচেলত্তির দল। রিয়ালের হয়ে গোল করেছেন এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়র। ভ্যালেকানোর হয়ে ব্যবধান কমিয়েছেন পেদ্রো দিয়াজ।
ম্যাচের প্রথম হাফেই তিনটি গোল হয়। গোলের শুরুটা করেন রিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৩০তম মিনিটে মাঝ মাঠ থেকে একাই বল নিয়ে ডি-বক্সের ভেতরে ভ্যালেকানোর এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি।

প্রথম গোলের চার মিনিট পরই আবারও উল্লাসে মাতে রিয়াল। এবারের গোল স্কোরার ভিনিসিউস। মদ্রিচের পাস ধরে বাঁ থেকে আক্রমণ করে গোল করেন ব্রাজিলিয়ান এই তারকা। এরপরের মিনিটেই ভ্যালেকানোর ডিফেন্ডারের ভুলে আবারও গোল প্রায় পেয়েই গিয়েছিল রিয়াল। তবে ভ্যালেকানোর গোলরক্ষকের দুর্দান্ত সেভে বেঁচে যায় তারা।

এরপর অবশ্য এক গোল শোধও দেয় ভ্যালেকানো। প্রথমার্ধে বাড়ানো সময়ে ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করেন দিয়াজ। প্রথম বল বারে লেগে গোল লাইনের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। রেফারি গোল লাইন চেক করে তা গোল হিসেবে গণ্য করে। পরে রিপ্লেতে দেখা যায় বল গোল লাইন পার করেছে।

দ্বিতীয় হাফে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ফলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে হেতাফের কাছে ২-১ গোলে হেরেছে শিরোপার দৌড়ে থাকা আরেক দল অ্যাতলেটিকো মাদ্রিদ।

আরএইচ

মন্তব্য করুন