ওয়ানডে থেকে অবসর নেওয়ার পরিকল্পনা এখনও নেই: রোহিত
ছবি : সংগৃহীত
০৩:৩৪ এএম | ১০ মার্চ, ২০২৫
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন। এর প্রেক্ষাপটে অনেকের ধারণা ছিল, এবারও তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে অবসর গ্রহণ করবেন।
তবে ফাইনাল জয়ের পর রোহিত নিজেই জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না।
দুবাইয়ে ফাইনাল জয়ের পর রোহিত শর্মাকে প্রশ্ন করা হয় তার ভবিষ্যৎ নিয়ে। রোহিত বলেন, 'আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না। এ বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায় তা নিশ্চিত করতেই কথাটা বললাম।'
নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে তারা ৪ উইকেটে হারিয়েছে।
রোহিতের অধীনে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে ভারত। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা। এরপর পরের বছর তার অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। আর এবার রোহিতের অধিনায়কত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল তারা।
২০০৭ সাল থেকে ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলছেন রোহিত শর্মা। ৩৭ বছর বয়সি এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ওয়ানডেতে ১১ হাজারের উপরে রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত।
আরএইচ