‘শূন্য থেকে শুরু করতে’ কোর্তোয়াকে ফেরালেন বেলজিয়াম কোচ
ছবি:সংগৃহীত
১১:৪৩ পিএম | ১৪ মার্চ, ২০২৫
কোচ পরিবর্তনের পরই যে ইঙ্গিত মিলেছিল, সেটাই এবার বাস্তব হলো। প্রায় দুই বছর পর বেলজিয়াম জাতীয় দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া।
ইউক্রেইনের বিপক্ষে নেশন্স লিগের দুই লেগের ম্যাচকে সামনে রেখে ঘোষিত ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন ৩২ বছর বয়সী এই গোলরক্ষক।
২০২৩ সালের জুনে সাবেক কোচ দমেনিকো তেদেস্কোর সঙ্গে নেতৃত্ব সংক্রান্ত বিরোধে জড়িয়ে জাতীয় দল থেকে দূরে সরে দাঁড়ান কোর্তোয়া। যার ফলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও খেলেননি তিনি।
তেদেস্কোকে বরখাস্ত করে দায়িত্ব নেওয়ার পর নতুন কোচ রুদি গার্সিয়ার পরিকল্পনায় জায়গা করে নেন এই অভিজ্ঞ তারকা। বেলজিয়ামের হয়ে এখন পর্যন্ত ১০২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কোর্তোয়া।
গার্সিয়া শুক্রবার প্রথমবারের মতো দল ঘোষণা করেন। তবে এর আগেই নতুন ঝামেলার আভাস মিলেছে। কোর্তোয়ার অনুপস্থিতিতে পোস্ট সামলানো কুন কাস্তেলস গত রোববার জাতীয় দল থেকে অবসর নিয়েছেন এবং রেয়াল গোলরক্ষকের ফেরার সিদ্ধান্ত গ্রহণ করায় কোচের সমালোচনা করেছেন।
কাস্তেলস দাবি করেছেন, তেদেস্কোর সঙ্গে বিবাদের সময় কোর্তোয়ার আচরণে অখুশি বেলজিয়ামের অনেক খেলোয়াড়। স্বাভাবিকভাবেই এই বিষয় এসেছে গার্সিয়ার সংবাদ সম্মেলনে। প্রশ্ন উঠেছে, নিজের আচরণের জন্য কোর্তোয়াকে ক্ষমা চাইতে বলা হবে কি না। এই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বেলজিয়াম কোচ দিয়েছেন নতুন শুরুর বার্তা।
“আমরা একটি শূন্য স্লেট নিয়ে শুরু করছি। সোমবারের আগে খেলোয়াড়দের সঙ্গে আমার দেখা হবে না। তবে কী ঘটেছিল, সেটা নিয়ে আমি আবার নেতাদের সঙ্গে কথা বলব। এরপর আমি কয়েক বছর আগে কী ঘটেছিল, সেটা নিয়ে কথা অব্যাহত থাকতে দেব না। অন্যথায় আমাদের কোনো ধরনের অগ্রগতি হতে না।”
নেতৃত্বের ব্যাপারটিও এখন পর্যন্ত সমাধান হয়নি বলেই জানালেন গার্সিয়া। ২০২২ বিশ্বকাপের পর এদেন আজারের জায়গায় অধিনায়ক হন কেভিন ডে ব্রুইনে। সেখানে কি পরিবর্তন আনবেন গার্সিয়া?
“এটা নিয়ে আমার নিজস্ব একটা ভাবনা আছে। কেভিন (ডে ব্রুইনে), রোমেলু (লুকাকু) এবং থিবো অবশ্যই প্রার্থী। আমরা আগামী সপ্তাহে দেখব কারা নেতা।”
এসএস