“এসব শুনে অভ্যস্ত” — কাপেলোর সমালোচনায় গুয়ার্দিওলার জবাব
ছবি:সংগৃহীত
১১:৫০ পিএম | ১৪ মার্চ, ২০২৫
ইতালিয়ান ফুটবলের ক্ষতি করছেন পেপ গুয়ার্দিওলা—সম্প্রতি এমন অভিযোগ তোলেন রেয়াল মাদ্রিদ, এসি মিলান ও ইংল্যান্ডের সাবেক কোচ ফাবিও কাপেলো। এবার তার সেই মন্তব্যের হালকা-রসাত্মক জবাব দিলেন ম্যানচেস্টার সিটি বস।
কাপেলো স্প্যানিশ দৈনিক ‘এল মুন্দো’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গুয়ার্দিওলার পাসিং ফুটবল অনুকরণ করতে গিয়ে সেরি আ-র অনেক ক্লাব নিজেদের মৌলিকতা হারিয়েছে। এমনকি গুয়ার্দিওলার ‘দাম্ভিকতা’কেও দোষ দেন তিনি—যার ফলে, তার মতে, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি হাতছাড়া করেছে বেশ কয়েকটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
তবে গুয়ার্দিওলা বিষয়টিকে হালকাভাবে নিয়েছেন। কাপেলোর মন্তব্য প্রসঙ্গে হাসিমুখে তিনি বলেন, “এসব শুনে আমি অভ্যস্ত। ফুটবলে এমন মন্তব্য হতেই থাকে।”
শুক্রবার সংবাদ সম্মেলনে ৭৮ বছর বয়সী কাপেলোর মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে গুয়ার্দিওলা হাসি মুখে বলেন, তিনি বিষয়টি জানেন।
“মানুষ আমার সম্পর্কে যা বলে, আমি তা শুনি। সবকিছু। তাই সাবধান থাকুন। আমি (আপনাকে) দেখছি।”
“ফাবিও কাপেলো এটা প্রথমবার বলেননি। ইতালিয়ান ফুটবল ধ্বংস করার মতো যথেষ্ট ভালো নই আমি। যেভাবে আমি সবকিছু করি, তার চেয়ে ইতালিয়ান ফুটবল অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফাবিওকে আলিঙ্গন।”
প্রিমিয়ার লিগে শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মুখোমুখি হবে সিটি। গত চার আসরের চ্যাম্পিয়নদের এবার শিরোপা ধরে রাখার সম্ভাবনা শেষ হয়ে গেছে অনেক আগে। প্লে-অফে রেয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও। এখন ঘরোয়া লিগে সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়াই তাদের মূল লক্ষ্য।
২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সিটি আছে পাঁচে। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে সাতে ব্রাইটন। শীর্ষ চারের লড়াইয়ে তারাও আছে ভালোভাবে।
ব্রাইটনকে শীর্ষ চারের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন কি না, এমন প্রশ্নে আরও কয়েকটি দলের কথা তুলে ধরেন গুয়ার্দিওলা।
“এছাড়াও বোর্নমাউথ, অ্যাস্টন ভিলা, নিউক্যাসল (ইউনাইটেড) এবং সম্ভবত ফুলহ্যামও আছে। তারা দারুণ দল।”
এসএস