রিয়ালের বিপক্ষে লড়াই নিয়ে রোমাঞ্চিত আর্তেতা, তবে সব মনোযোগ চেলসি ম্যাচে
১২:১৯ এএম | ১৫ মার্চ, ২০২৫
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের সম্ভাবনা খুব একটা জোরালো নয় আর্সেনালের। বাস্তবতা বলছে, তাদের শিরোপা জয়ের বড় আশা এখন শুধুই চ্যাম্পিয়ন্স লিগে। তবে সেই পথে সামনে এক মহাবাধা—চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সফলতম দল রেয়াল মাদ্রিদ।
শেষ ষোলোয় পিএসভি আইন্ডহোভেনকে দুই লেগ মিলিয়ে ৯-৩ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার-ফাইনালে উঠেছে আর্সেনাল। সেখানেই তাদের প্রতিপক্ষ ১৫ বার ইউরোপসেরা হওয়া রিয়াল মাদ্রিদ।
আগামী মাসের প্রতীক্ষিত এই লড়াই নিয়ে এখন থেকেই রোমাঞ্চিত আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি জানান, কার্লো আনচেলত্তির বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের অপেক্ষায় আছে তার দল।
তবে চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজনার মাঝেও প্রিমিয়ার লিগের দিকেও পূর্ণ মনোযোগ রাখছেন তিনি। আপাতত লক্ষ্য—চেলসির বিপক্ষে জয় ছিনিয়ে আবার জয়ের ধারায় ফেরা।
উল্লেখ্য, এর আগে একবারই চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। ২০০৫-০৬ মৌসুমে শেষ ষোলোতে স্প্যানিশ জায়ান্টদের হারিয়ে সেবার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ইংলিশ ক্লাবটি।
“আকর্ষণীয় ড্র। আমরা প্রতিযোগিতার সবচেয়ে সমৃদ্ধ ইতিহাসের দলটির বিপক্ষে খেলব। তাদের বিপক্ষে খেলার জন্য খুবই রোমাঞ্চিত। তবে এর আগে প্রিমিয়ার লিগে আমাদের কিছু বড় ম্যাচ রয়েছে।”
দেশের শীর্ষ লিগে টানা তিন ম্যাচে জয়শূন্য আর্সেনাল শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়েছে অনেকটা। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে আর্তেতার দল ১৫ পয়েন্ট পিছিয়ে। সুযোগে ব্যবধান কমিয়ে এনেছে নটিংহ্যাম ফরেস্ট (৫১)। বেশি পিছিয়ে নেই চেলসি (৪৯)।
৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আর্সেনাল ঘরের মাঠে সবশেষ দেখায় চেলসিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল। তবে এন্টসো মারেস্কার কোচিংয়ে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি অনেক বদলে গেছে বলে মনে করেন আর্তেতা। স্প্যানিশ কোচের বিশ্বাস, জমজমাট এক ম্যাচের দেখা মিলবে রোববার।
“এটা এমন দুই দলের লড়াই, যারা নিজেদের খেলার ধরনে খুবই আধিপত্য করতে চায়। ‘হাই প্রেস’ এর ক্ষেত্রে যারা খুবই আগ্রাসী এবং বল দখলে রাখতে চায়।”
এসএস