পদত্যাগ করেছেন বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা
ছবি : সংগৃহীত
০৬:২৩ পিএম | ১৯ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. সরফরাজ হাসান সিদ্দিকী পদত্যাগ করেছেন। বাফুফে কর্তৃপক্ষ তার পদত্যাগপত্র গ্রহণ করেছে, যা আগামী ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। তবে, পদত্যাগ কার্যকর হলেও সরফরাজ সিদ্দিকী আরও তিন মাস দায়িত্ব হস্তান্তরের কাজের সঙ্গে যুক্ত থাকবেন, জানিয়েছেন ফেডারেশনের একাধিক সূত্র।
বাফুফেতে প্রশাসনিক কাঠামোয় সাধারণ সম্পাদকের পরে সিএফও পদটি অন্যতম গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট বাস্তবায়ন এবং আন্তর্জাতিক ফান্ড ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পদটি।
জানা গেছে, বিদেশি কোচিং স্টাফ বাদে প্রশাসনিক ব্যয় হিসেবে শুধুমাত্র সাধারণ সম্পাদক ও প্রধান অর্থ কর্মকর্তার জন্য বাফুফেকে প্রতি মাসে প্রায় আট লাখ টাকা খরচ করতে হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই পদ নিয়ে বাফুফে একাধিকবার সমস্যায় পড়েছে।
২০২৩ সালের ১৪ এপ্রিল সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করে ফিফা। এরপর বাফুফে আর্থিক বিষয়াদি নিয়ে একটি তদন্ত কমিটি করে। সেই তদন্ত কমিটির কাজের মধ্যেই জুন-জুলাই মাসে তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন পদত্যাগ করেন। এর কয়েক মাস পরই সরফরাজ হাসানকে কাজী সালাউদ্দিন প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন।
বাফুফের বছরে মাসিক ব্যয় ৪-৫ কোটি, আর বাৎসরিক ব্যয় প্রায় ৫০-৬০ কোটি টাকার মতো। এই আয়-ব্যয়ের হিসাবের জন্য বাফুফের ফিন্যান্স সংক্রান্ত বিষয়ে সিএফও’র পেছনে প্রতি মাসে প্রায় চার লাখ টাকা ব্যয় করে।
অথচ দেশের আরেক শীর্ষ ক্রীড়া সংগঠন বিসিবি বছরে ২০০ কোটি লেনদেন ও স্থায়ী আমানত হাজার কোটি টাকা হলেও নেই প্রধান অর্থ কর্মকর্তা। যদিও গঠনতন্ত্রে প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগের বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
এমআর/এসএন