© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কানাডা টি-টেনের ড্রাফটে দুই টাইগার ক্রিকেটার

শেয়ার করুন:
কানাডা টি-টেনের ড্রাফটে দুই টাইগার ক্রিকেটার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩১ পিএম | ২০ এপ্রিল, ২০২৫
টি-টোয়েন্টির জনপ্রিয়তার পর এবার আরও ছোট ফরম্যাটে ক্রিকেটের প্রসার ঘটাতে যাচ্ছে কানাডা। দেশটি চালু করতে যাচ্ছে ১০ ওভারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট—কানাডা সুপার সিক্সটি টি-টেন লিগ। নারী ও পুরুষ মিলিয়ে এই প্রতিযোগিতায় খেলতে ইতোমধ্যেই রেজিস্ট্রেশন করেছেন ১,৩০০ জনের বেশি ক্রিকেটার। যেখানে আছেন বাংলাদেশের দুই তারকা—মেহেদি হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম।

ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, কানাডায় এই টি-টেন লিগ আয়োজনের অনুমোদন পেয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। তার প্রচেষ্টাতেই এই প্রতিযোগিতা আলোর মুখ দেখছে। আসন্ন লিগের জন্য ৩৪টি দেশের ১,১৩৫ জন পুরুষ ও ২৩৫ জন নারী ক্রিকেটার নাম লিখিয়েছেন ড্রাফটে।

আট দলের এই লিগে অংশ নিতে নাম লিখিয়েছেন একঝাঁক তারকা ক্রিকেটার। পুরুষদের তালিকায় রয়েছেন—ফিন অ্যালেন, সিকান্দার রাজা, নাসিম শাহ, অ্যালেক্স হেলস, জেসন রয়, টিম সাউদি, জিমি নিশাম, আজম খান, রাইলি রুশো, ক্রিস লিন, আন্দ্রে ফ্লেচার, কাইল মায়ার্সসহ আরও অনেকে।

নারীদের তালিকায় আছেন—ম্যাডি গ্রিন, জেস জোনাসেন, শবনম ইসমাইল, দিয়েন্দ্রা ডটিন, ফাতিমা সানা খান, লিয়া তাহুহু প্রমুখ।

লিগের ড্রাফট শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। জুলাইয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পুরুষ ও নারী উভয় বিভাগের ম্যাচই হবে সমান গুরুত্বে।

টুর্নামেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও স্কটল্যান্ডের কিংবদন্তি কাইল কোয়েটজার বলেন, “বিশ্ব ক্রিকেটের বড় বড় তারকাদের নাম এখানে দেখতে পেয়ে আমি রোমাঞ্চিত। এই টুর্নামেন্ট কেবল কানাডার ক্রিকেটকেই এগিয়ে নেবে না, বরং দর্শকদের জন্যও এক অন্যরকম অভিজ্ঞতা হবে।”


এসএস/এসএন

মন্তব্য করুন