চার বছরের স্থগিত কারাদণ্ড স্ল্যাটারের
ছবি : সংগৃহীত
১১:১১ এএম | ২৩ এপ্রিল, ২০২৫
সাতটি অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় চার বছরের স্থগিত কারাদণ্ডের সাজা পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল স্ল্যাটার। তার বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা, অন্য এক মহিলার গলা টিপে ধরাসহ অভিযোগের শেষ নেই।
তবে বিচার কার্যক্রম চলাকালীন গত এক বছর জেলে থাকায় আপাতত তাকে প্যারলে মুক্তি দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে বড় কোনো অপরাধে জড়ালে চার বছরের স্থগিত কারাদণ্ড কার্যকর করে ফের জেলে পাঠানো হবে ৫৫ বছর বয়সি স্ল্যাটারকে।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার একটি আদালতে মামলার রায় ঘোষণার পর বিচারপতি জানান, স্ল্যাটারের মূল সমস্যা অতিরিক্ত মদ্যপান। তার পুনর্বাসন প্রক্রিয়ায় তাই সবার সহযোগিতা প্রয়োজন।
মদ্যপ স্ল্যাটারের মানসিক সমস্যাও রয়েছে। মদের সঙ্গে মিতালি না হলে অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ টেস্টে ৫৩১২ রান করা এই ওপেনারের আন্তর্জাতিক ক্যারিয়ার আরও ঋদ্ধ হতো।
এফপি/টিএ