আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারে লিটনের মন্তব্য
ছবি : সংগৃহীত
০৯:৩২ এএম | ২২ মে, ২০২৫
ইতিহাসে প্রথমবারের মতো আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ। বুধবার (২১ মে) শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় লিটন দাসের নেতৃত্বাধীন দল। প্রথমে ব্যাট করে ব্যাটাররা উল্লেখযোগ্য স্কোর গড়তে ব্যর্থ হন, ১৬২ রানের লক্ষ্য আমিরাত অনায়াসে পেরিয়ে যায়।
পরে ম্যাচ শেষে লিটন বলেন, ‘অবশ্যই আমরা যথেষ্ট ভালো ছিলাম না, এখানে এলে সবসময় ম্যাচ জেতার ভাবনা নিয়ে আসবেন আপনি। এগুলো আসলে জীবনেরই অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, মাঝেমধ্যে প্রতিপক্ষ অনেক ভালো খেলবে। ফলে তাদেরকেও (আমিরাতকেও) কৃতিত্ব দিতে হবে।’
ব্যাটিং ইউনিটের ব্যর্থতাটাই বড় করে দেখছেন লিটন, ‘ব্যাটিংয়ে আমরা কিছু ভুল করেছি। আজকে আমার মনে হয় আমরা পর্যাপ্ত ভালো রান পাইনি যেমনটা এই উইকেট, কন্ডিশনে ৩ ম্যাচ বিবেচনায় আমরা পেতে চেয়েছিলাম। পরে বল করায় শিশিরও একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।’
সিরিজ থেকে ইতিবাচকতা নিয়ে লিটন বলেন, ‘অবশ্যই পারভেজ (হোসেন) ইমন এবং তানজিদ (হাসান) তামিম (ইতিবাচক ছিল)। কিছু ম্যাচে জাকের (আলী অনিক)-(তাওহিদ) হৃদয়রাও রান করেছে। মাঝের ওভারে কয়েকজন ভালো বল করেছে। তবে আমাদের আরও শিখতে হবে এবং ম্যাচে সেসব কাজে লাগাতে হবে।’
আমিরাতকে নিয়ে লিটন বলেন, ‘তারা আজকে সত্যিই দারুণ খেলেছে। শুরুর দিকে তারা বেশ ভালো বোলিং করায় আমরা বেশি রান করতে পারিনি। ব্যাটিংয়ে তাদের শিশির কিছুটা সাহায্য করেছে হয়ত। তবে তাদের কৃতিত্ব দিতেই হবে। তাদের মধ্যে যে ব্যাট করুক না কেন, কেউই ঘাবড়ে যায়নি।’
আরএ/টিএ