এইচএসসি কেন্দ্র পরিবর্তনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
০৪:২৯ পিএম | ০২ জুন, ২০২৫
এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।
সোমবার (২ জুন) দুপুরে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে ঘণ্টাব্যাপী এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এর ফলে সড়কের দুপাশে জটলা সৃষ্টি হয়। এই সময়ে পরীক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ এবং তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্র পরিবর্তন করে কাকিনা উত্তরবাংলা কলেজে নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, এই নতুন কেন্দ্রটি অনেক দূরে হওয়ায় সেখানে গিয়ে পরীক্ষা দেওয়া তাদের জন্য কষ্টসাধ্য হবে। এ কারণেই তারা সড়ক অবরোধের মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের পরীক্ষার্থী অর্পিতা রায়, সুবর্ণা আক্তার শিকা, আরজু হোসাইন, মো. সবুজ হোসেন এবং মিল্লাত হোসেন জানান, আকস্মিক কেন্দ্র পরিবর্তনে তারা বিপাকে পড়েছেন। দূরত্বের কারণে তাদের যাতায়াতে অনেক সমস্যা হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা ঘটনাস্থলে এসে পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তার আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন এবং পরিস্থিতি শান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। আশা করছি দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে।
আরএ/টিএ