পরিবর্তন আসছে ফেসবুকে, থাকছে না ভিডিও!
ফেসবুকের ‘রিলস’ অপশনটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তাইতো ঘোষণা এসেছে নতুন সিদ্ধান্তের। এখন থেকে ফেসবুকে আপলোড হওয়া সব নতুন ভিডিও 'রিলস' হিসেবে দেখানো হবে। এ বিষয়ে ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
গতকাল মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা সব ধরনের ভিডিও কনটেন্ট 'রিলস' ফরম্যাটে সহজে আপলোড ও শেয়ার করতে পারবেন।
'ভিডিও' ট্যাবের নামেও পরিবর্তন আনছে ফেসবুক। নতুন নাম হবে 'রিলস' ট্যাব।
শিগগিরই কার্যকর হবে এই নতুন ফিচার। ধাপে ধাপে এটি সব ব্যবহারকারীর প্রোফাইল ও পেজে আপডেট করা হবে। আগামী কয়েক মাসের মধ্যেই তা বিশ্বব্যাপী কার্যকর করা হবে।
নতুন এই ফিচারে রিলস ভিডিওর দৈর্ঘ্য বা ফরম্যাটের কোনো সীমাবদ্ধতা রাখছে না মেটা। যার ফলে ছোট, বড় ও লাইভ সব ধরনের ভিডিও কনটেন্টই 'রিলস' হিসেবে আপলোড ও পোস্ট করা যাবে।
যেসব ব্যবহারকারী আগে ভিডিও ক্যাটাগরিতে কন্টেন্ট আপলোড করেছেন, তাদের চিন্তার কিছু নেই।
ভিডিওগুলো যেভাবে আপলোড হয়েছে, সেভাবেই থাকবে। 'রিলস' ট্যাবে ক্লিক করলে সেগুলো খুঁজে পাওয়া যাবে।
কেএন/টিকে

