© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের ক্রিকেট বোর্ডকে ৫৩৯ কোটি রূপি জরিমানা

শেয়ার করুন:
ভারতের ক্রিকেট বোর্ডকে ৫৩৯ কোটি রূপি জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫২ পিএম | ১৯ জুন, ২০২৫
বড় ধরনের আর্থিক জরিমানার মুখে বিশ্ব ক্রিকেটের সবচাইতে প্রভাবশালী বোর্ড বিসিসিআই। অন্যায়ভাবে চুক্তি বাতিল করায়, ৫৩৯ কোটি রূপি ক্ষতিপূরণ গুণতে হচ্ছে সংস্থাটিকে। এরমধ্যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কোচি টাস্কার্স কেরালাকে ৩৮৫ কোটি ৫০ লাখ রূপি আর রেনডেভু স্পোর্টস ওয়ার্ল্ডকে দিতে হবে ১৫৩ কোটি ৩৪ লাখ রূপি। যদিও এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকছে বিসিসিআইয়ের। যে জন্য সংস্থাটিকে সময় দেওয়া হয়েছে ৩৬ সপ্তাহ।

সবকিছুতেই নিজেদের আধিপত্য দেখানো, জিততে চাওয়ার রেওয়াজ বেশ পুরানো বিশ্ব ক্রিকেটের সবচাইতে প্রভাবশালী বোর্ড বিসিসিআইয়ের। মাঠ কিংবা কিংবা ক্রিকেটীয় কূটনীতি সব জায়গাতেই চলে তাদের খবরদারি। তবে এবার তারাই ভূপাতিত হলো নিজ দেশে, দেখলো মুদ্রার উল্টো পিঠ। সমস্যার সূত্রপাত ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল নিয়ে।

২০১১ সালে আইপিএলে প্রথম ও একবারই খেলেছিল কোচি টাস্কার্স কেরালা। সে বছর টুর্নামেন্টে অষ্টম হয়েছিল তারা। সে সময় বিসিসিআই অভিযোগ তোলে, ফ্র্যাঞ্চাইজিটি ব্যর্থ হয়েছে সময়মতো ব্যাংক গ্যারান্টি দিতে। যে কারণে সেসময়ই তাদের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিসিআই।

যদিও শুরু থেকেই এমন অভিযোগ অস্বীকার করে ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ। তারা শরণাপন্ন হন আদালতের। পরে ২০১৫ সালে স্বতন্ত্র সালিশি আদালত বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ভুল বলে ঘোষণা দেওয়া হয় এবং কোচি মালিক পক্ষের পক্ষে রায় দেয়।

তবে সেই রায়ের বিরুদ্ধে আপিল করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কিন্তু গেল মঙ্গলবার (১৭ জুন) বোম্বে হাইকোর্ট তা খারিজ করে মধ্যস্থতাকারী রায়ের পক্ষে রায় দেন। যার মানে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে এরসঙ্গে সংশ্লিষ্ট দুই মালিকানাধীন প্রতিষ্ঠানকে।

বোম্বে হাইকোর্টের বিচারপতি রিয়াজ আই. চাগলা'র রায় অনুসারে প্রায় ৫৩৮ কোটি রূপি ক্ষতিপূরণ গুণতে হবে বিসিসিআইকে। যার মধ্যে কোচি টাস্কার্স কেরালাকে ৩৮৫ কোটি ৫০ লাখ রূপি আর রেনডেভু স্পোর্টস ওয়ার্ল্ডকে দিবে হবে ১৫৩ কোটি ৩৪ লাখ রূপি।

যদিও আদালত বলেছেন, অ্যার্বিট্রেশন অ্যাক্টের ৩৪ ধরা অনুযায়ী তাদের এখতিয়ার খুবই সীমিত। সঙ্গে বিসিসিআইয়ের সমালোচনাও করেন আদালত। তবে বিসিসিআইকে এখনই ক্ষতিপূরণ দিতে হচ্ছে না। সংস্থাটিকে ৩৬ সপ্তাহ সময় দেওয়া হয়েছে আপিল করার জন্য।

আরআর/এসএন

মন্তব্য করুন