© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর কাছে পিএসজির অপ্রত্যাশিত পরাজয়

শেয়ার করুন:
ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর কাছে পিএসজির অপ্রত্যাশিত পরাজয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩১ এএম | ২০ জুন, ২০২৫
পিএসজি আছে দুর্দান্ত ছন্দে। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা দলটি ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। সেই পিএসজিকে হারিয়ে দিল ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো।

রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার (২০ জুন) সকালে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে বোতাফোগো। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেছেন ইগোর জেসুস।

পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও একটি গোল আদায় করতে পারল না পিএসজির ফুটবলাররা। অপরদিকে ম্যাচে খুব একটা সুযোগ পায়নি বোতাফোগো। তাতেই বাজিমাত করে তারা।

ম্যাচের ৩৬তম মিনিটে সাভারিনোর পাস থেকে গোল করে বোতাফোগোকে এগিয়ে দেন ইগোর জেসুস। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের গোলই ম্যাচে ব্যবধান গড়ে দেয়। এরপর পুরো ম্যাচে বলার মতো কোনো সুযোগই পায়নি ব্রাজিলের ক্লাবটি। তবে ডিফেন্সে ছিল তারা দৃঢ়। যার কারণে গোল হজম করেনি তারা।

এদিকে ম্যাচে ৭৫ শতাংশ বল দখল এবং ১৬টি শট নিয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন রামোস, দুয়েরা। ফলে আসরের প্রথম হারের মুখ দেখল পিএসজি।

এর আগে গ্রুপ বি'র ম্যাচে সিয়াটেলকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথম ম্যাচে পিএসজির কাছে বিধ্বস্ত হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সিমিওনের দল। অ্যাতলেটিকোর হয়ে জোড়া গোল করেছেন পাবলো ব্যারিওস, বাকি গোলটি এসেছে অ্যাক্সেল উইটসেলের পা থেকে।

এদিকে অ্যাতলেটিকো মাদ্রিদের জয়ে গ্রুপ বি'র পয়েন্ট টেবিল জমে উঠেছে। দুই ম্যাচে দুই জয়ে শেষ ষোলো প্রায় নিশ্চিত বোতাফোগোর। এদিকে অ্যাতলেটিকো ও পিএসজি একটি করে জয় পেয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের দুইয়ে পিএসজি এবং তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২ ম্যাচে কোনো পয়েন্ট না নিয়ে চারে অবস্থান করছে সিয়াটেল।

আরআর/টিএ

মন্তব্য করুন