© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪৭ রানেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

শেয়ার করুন:
২৪৭ রানেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৯ এএম | ২৬ জুন, ২০২৫
কলম্বো টেস্টের প্রথম দিনেই ৮ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। উইকেটে সেট হয়েও বড় স্কোর গড়তে পারেননি কেউই। দ্বিতীয় দিনে টাইগারদের ইনিংস টিকল আরও ৫১ বল। তাইজুল আহমেদের ব্যাটে যোগ হয়েছে আরও কিছু রান। তবে শেষ পর্যন্ত আড়াইশ'র আগেই গুটিয়ে গেল টাইগাররা।

বৃহস্পতিবার (২৬ জুন) কলম্বোর এসএসসি গ্রাউন্ডসে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ৭৯.৩ ওভারে ২৪৭ রানে থেমেছে টাইগারদের ইনিংস। বল হাতে শ্রীলঙ্কার সফলতম বোলার এই টেস্টেই অভিষিক্ত সোনাল দিনুশা। ৯.৩ ওভারে মাত্র ২২ রানে ৩ উইকেট শিকার করেছেন দিনুশা। ৩ উইকেট শিকার করেছেন আসিতা ফার্নান্দোও।

আগের দিনে ৮ উইকেটে ২২০ রান তোলা বাংলাদেশ আজ দিনের তৃতীয় ওভারেই এবাদত হোসেনকে (৮) হারায়। মাত্র ৩ রান যোগ করেই আসিতার বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। দলের রান তখন ২২৯।

দশম উইকেট জুটিতে নাহিদ রানাকে নিয়ে ১৮ রান যোগ করেন তাইজুল, যেখানে নাহিদ ৭ বল খেলেও কোনো রান করতে পারেননি। শেষ পর্যন্ত দিনুশার বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন তাইজুল। তার আগে ৬০ বলে ৫ চারে ৩৩ রান করেন এই বাঁহাতি।

এর আগে গতকাল টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই এনামুল হক বিজয়কে হারায় বাংলাদেশ। ১০ বলে দুবার জীবন পেয়েও রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। আর তাতেই গড়েছেন লজ্জার রেকর্ড। কমপক্ষে ১৪ ইনিংস খেলেছেন কোনো দলের শীর্ষ চার ব্যাটারের মধ্যে সবচেয়ে কম গড় বিজয়েরই।

বাকিদের গল্পটা প্রায় একই প্যাটার্ন মেনে এগিয়েছে। উইকেটে এসে সেট হয়ে উইকেট বিলিয়ে আসা। বাংলাদেশের সাত ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছালেও কেউই অর্ধশতকও করতে পারেননি। সর্বোচ্চ রান এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে। ৯৩ বলে ৭ চারে ৪৬ রান করেন তিনি।

ওয়ান ডাউনে নামা মুমিনুল ৩৯ বলে ২১, মুশফিক ৭৫ বলে ৩৫, লিটন ৫৬ বলে ৩৪, মিরাজ ৪২ বলে ৩১ রান ও ৯ নম্বরে নামা তাইজুল ৬০ বলে ৩৩ রান করেন। দুই অঙ্কের রান পেয়েছেন ৮ নম্বরে নামা নাঈম হাসানও। ৫১ বলে ২৫ রান করেছেন এই স্পিনার। অধিনায়ক শান্ত প্রথম ইনিংসে ৩১ বলে ৮ রান করেই থেমেছেন।

আরআর/এসএন

মন্তব্য করুন