© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও ভালো করতে চায় লঙ্কানরা

শেয়ার করুন:
টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও ভালো করতে চায় লঙ্কানরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩২ এএম | ২৯ জুন, ২০২৫
কলম্বো টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে কোনো পাত্তায় পায়নি সফরকারী বাংলাদেশ। টাইগারদের ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হারায় লঙ্কানরা। প্রথম টেস্ট ড্র হওয়ার ফলে ১-০ তে সিরিজ জিতে নিলো স্বাগতিকরা। এদিকে ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা জানিয়েছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে আগের ভুলগুলো শুধরে নিতে চান তারা।

আগের ম্যাচে বেশ ভালো জায়গায় থেকেই ড্র করেছিলো বাংলাদেশ। কিন্তু কলম্বো টেস্টে যেনো মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো টাইগারদের। স্বাগতিকদের সঙ্গে এতটুকুও লড়াই করতে পারেনি সফরকারীরা। চতুর্থ দিনের সকালেই বাংলাদেশ হেরে যায় ইনিংস ব্যবধানে। অন্যদিকে দাপুটে ক্রিকেট খেলে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।

ম্যাচ শেষে লঙ্কান টেস্ট অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা বলেন, ‘আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আসলে অন্যান্য বিশ্বকাপের মতোই। আমাদের জন্য অনেক ম্যাচই যেনো নকআউট। আমরা আলোচনা করেছি, আমরা তখনই জিতি যখন সবচেয়ে কম ভুল করি। এই জয়গুলো আমাদের জন্য অতিরিক্ত পয়েন্ট পাওয়ার সুযোগ তৈরি করে দেয়।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের চক্রে বেশ ভালো অবস্থানেই ছিলো শ্রীলঙ্কা। শেষ দিকে ভুল না করলে তাদের ফাইনালে যাওয়ারও একটা সম্ভাবনা ছিলো। তবে আগের চক্রের ভুল শুধরে এবার আরও ভালো করতে চায় লঙ্কানরা।

‘আগের চক্রে আমরা কিছু ভুল করেছি, আর সেখানেই আমাদের মূল্য চুকাতে হয়েছে। আশা করি এই চক্রে আমরা সেই ভুলগুলো শুধরে নিতে পারব। এটা এখন প্রতিযোগিতামূলক একটি ট্রফি হয়ে উঠেছে। আমরাও এখন রান রেট নিয়ে ভাবছি, পরিস্থিতির প্রেক্ষিতে। টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্ট ক্রিকেটের জন্য দারুণ একটি সংযোজন।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরে ফাইনালের দৌড়ে ছিল শ্রীলঙ্কা। যদিও ফাইনালে উঠতে পারেনি শেষ পর্যন্ত। ফাইনালে খেলেছিলো অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ম্যাচে অজিদের ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রোটিয়ারা।

ধনাঞ্জয়া বলেছেন, ‘আমরা দেখেছি সর্বশেষ চক্রে দক্ষিণ আফ্রিকা কেমন দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং সম্প্রতিও তারা ভালো পারফর্ম করেছে। তারা জেতার যোগ্য ছিল। তারা আগে কোনো আইসিসি ট্রফি জেতেনি, তাই টেস্ট চ্যাম্পিয়নশিপ তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। একটি দেশ হিসেবে তারা এটি অনেক গুরুত্বের সাথে বিবেচনা করে।’

সামনে আপাতত টেস্ট ম্যাচ নেই শ্রীলঙ্কার। ছন্দ ধরে রাখার প্রসঙ্গে ধনাঞ্জয়া বলেছেন, ‘আমাদের সামনে কেবল ঘরোয়া ম্যাচই আছে। এখন একটি ওয়ানডে টুর্নামেন্ট চলছে, তারপর তিন দিনের ম্যাচের একটি টুর্নামেন্ট হবে। জাতীয় সুপার লিগও আছে।’

‘এভাবেই আমাদের ফর্ম ধরে রাখতে হবে। দুর্ভাগ্যবশত এখন (সামনে) কোনো টেস্ট ম্যাচ নেই। আমরা এসএলসিকে (শ্রীলঙ্কা ক্রিকেট) অনুরোধ করেছি আরও টেস্ট খেলার জন্য। আমার মনে হয় তারা এ বিষয়ে অন্যান্য দলের সঙ্গে কথা বলছে। যদি আমরা অতিরিক্ত তিন বা চারটি টেস্ট খেলতে পারি, তাহলে যেসব ভালো কাজ আমরা করছি তা চালিয়ে যেতে পারব।’

এছাড়া কোথায় কীভাবে উন্নতি করে আরও ভালো, আরও নিখুঁত হওয়া যায় সেই চেষ্টাও চালাচ্ছে শ্রীলঙ্কা। অধিনায়ক জানিয়েছেন, ‘যখনই আমরা একটি টেস্ট সিরিজে নামি, তখন আমাদের কিছু পারফরম্যান্সের সূচক থাকে। এইবার আমরা বিশ্লেষণ করে দেখেছি যে, আমাদের ‘মেইডেন ওভারের হার’ আরও বেশি হওয়া উচিত। তাই সেটিই ছিল আমাদের পরিকল্পনা। টেস্টে প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখতে হয়, যাতে অন্য প্রান্ত থেকে উইকেট নেওয়া যায়। আমার মনে হয় আমাদের বোলাররা এবার তা দারুণভাবে করেছে।’

আরআর

মন্তব্য করুন