© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের সব উপজেলায় একজন করে কোচ দেওয়া হবে : বিসিবি সভাপতি

শেয়ার করুন:
দেশের সব উপজেলায় একজন করে কোচ দেওয়া হবে : বিসিবি সভাপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৫ পিএম | ২৯ জুন, ২০২৫
দেশের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে জেলা-উপজেলায় এর কার্যক্রম বিকেন্দ্রীকরণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, অচিরেই প্রত্যেক উপজেলায় একজন করে কোচ দেওয়া হবে। ক্রিকেটার হতে চাইলে ঢাকার দিকে তাকিয়ে থাকতে হবে না, প্রতিভা থাকলে তৃণমূল থেকেই যাতে করে উঠে আসতে পারে সেদিকেই হাঁটছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর (রজত জয়ন্তী) উদযাপন উপলক্ষে রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় বরিশাল স্টেডিয়ামে পৌঁছে এ কথা জানান তিনি।

এদিকে, বরিশালের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিসিবি প্রধান আসায় খুশির জোয়ার মাঠ পর্যায়ের সবার। তবে সঙ্গে ছিল, খেলাধুলা বঞ্চিত বরিশালবাসীর হতাশা আর ক্ষোভও। গত এক যুগ ধরে জাতীয় লীগ তো দূরে থাক জেলা পর্যায়ের কোনো লীগও হয়নি জানিয়ে বিসিবি প্রধানের কাছে তুলে ধরা হয়—স্টেডিয়াম সংস্কারের নামে বছরের পর বছর ধরে অবহেলার কথা।

একদিকে যেমন হতাশা আর আক্ষেপ, অন্যদিকে মাঠে তখন নবীন, ক্ষুদে খেলোয়াড়দের চোখভরা স্বপ্ন, ক্রিকেটার হওয়ার বাসনায়। ছেলে-মেয়েদের নিয়ে মাঠে আসা অভিভাবকরাও চাইছেন বরিশালের ক্রিকেট চাঙা হোক।

পরবর্তীতে বরিশাল স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শন করেন বিসিবি সভাপতি। এ সময় বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি, শাহরিয়ার নাফিস ও সোহাগ গাজীসহ হাজারো ক্রিকেটপ্রেমী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। সেই উৎসব পালনে দেশের সাতটি বিভাগীয় শহরে হয় এমন আয়োজন, যার শেষ ছিল বরিশালে।


ইউটি/এসএন


মন্তব্য করুন