© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ১০০ টাকার নোট ভুয়া, জানাল বাংলাদেশ ব্যাংক

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ১০০ টাকার নোট ভুয়া, জানাল বাংলাদেশ ব্যাংক

ফেসবুকে ভাইরাল হওয়া ১০০ টাকার ভুয়া নোট।

own-reporter
০৭:৩৪ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০১৯

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ১০০ টাকার একটি নোটের যে ছবি ভাইরাল হয়েছে- তা ভুয়া বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শেখ হাসিনার ছবিযুক্ত কোনো নোট তারা ছাড়েনি। এ ধরনের নোট ছাড়ার কোনো সিদ্ধান্তও নেই তাদের।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) ও ভারপ্রাপ্ত মুখপাত্র আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানে কাগুজে সব নোটে বঙ্গবন্ধুর ছবি যুক্ত আছে। নতুন করে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০০ টাকা মূল্যমানের নতুন মুদ্রিত নোটের ছবি পাওয়া যাচ্ছে এটি সঠিক নয়।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১০০ টাকা মূল্যমানের নতুন একটি নোটের ছবি ভাইরাল হয়েছে। যে নোটের সম্মুখভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পেছনভাগে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ছবি রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন এন্ড পাবলিকেশন্স বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্বে) সাঈদা খানম সাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ ধরনের ছবি সম্বলিত কোন প্রকার নোট মুদ্রণের উদ্যোগ গ্রহণ করা হয়নি। অর্থাৎ ফেসবুকের মাধ্যমে যে নোটের ছবি দেখা যাচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী এ ধরনের নোটের ছবি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা না করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন তিনি।

পাশাপাশি বিভ্রান্তি সৃষ্টিকারী ব্যক্তিবর্গকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন