© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী স্টোকস

শেয়ার করুন:
ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী স্টোকস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০২ পিএম | ২৯ নভেম্বর, ২০২৫
অ্যাশেজের প্রথম টেস্টে মাত্র দুই দিনে অস্ট্রেলিয়ার কাছে হেরে ব্যাপক সমালোচনার মুখে পড়লেও সেই ব্যর্থতা পেছনে ফেলে সামনে তাকাচ্ছে ইংল্যান্ড। ব্রিসবেনে দ্বিতীয় ডে-নাইট টেস্টের আগে অধিনায়ক বেন স্টোকস জানালেন, দল ভুলগুলো নিয়ে আলোচনা করেছে এবং এখন সম্পূর্ণ মনোযোগ পরের ম্যাচে।

পার্থে প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতা ও ট্রাভিস হেডের দুর্দান্ত ১২৩ রানে ভর করে আট উইকেটে জিতে সিরিজে ১-০-তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচের পর ইংল্যান্ডকে ‘অহংকারী’ ও ‘মস্তিষ্কহীন’ বলে সমালোচনা করেন দেশটির সাবেক ক্রিকেটাররা।

তবে দ্বিতীয় টেস্টের আগে স্টোকস সরাসরি বললেন, ‘আমরা বিষয়টি নিয়ে ভালোভাবে আলোচনা করেছি। যেখানে ভুল করেছি তা বুঝেছি এবং সেগুলো ঠিক করাই এখন লক্ষ্য।’

প্রথম ইনিংসে বোলারদের পারফরম্যান্স এবং প্রতিযোগিতামূলক স্কোর গড়ে তুলতে পারা দলকে আত্মবিশ্বাসী করেছে বলেও জানান তিনি।
‘যে রান তুলেছিলাম, তা জেতার মতোই ছিল।

কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা আরও ভালো হতে পারতাম, এটাই শেখার জায়গা।’
দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতি নিয়ে সমালোচনা হয়েছে আরো। ক্যানবেরায় প্রাইম মিনিস্টারস একাদশের বিপক্ষে পিঙ্ক–বল ম্যাচে মূল খেলোয়াড়দের না খেলিয়ে ইংল্যান্ড বরং ব্রিসবেনে বাড়তি অনুশীলন করার সিদ্ধান্ত নেয়। মাইকেল ভন এই সিদ্ধান্তকে ‘অপেশাদার’ বলেন।

এ নিয়ে স্টোকসের ব্যাখ্যা, ‘ক্যানবেরার কন্ডিশন ব্রিসবেন থেকে সম্পূর্ণ আলাদা। তাই সেরা প্রস্তুতির জন্য আমরা ব্রিসবেনেই অনুশীলনকে অগ্রাধিকার দিয়েছি।’

ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সমতায় ফেরানো ইংল্যান্ডের জন্য কঠিন চ্যালেঞ্জ। কারণ পিঙ্ক-বল টেস্টে অস্ট্রেলিয়া ভয়ংকর, ১৪টির মধ্যে ১৩টি ম্যাচে জয় তাদের।

এবি/টিকে

মন্তব্য করুন