মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) দেশটির তিন ধাপে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুল জয় পেয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, গৃহযুদ্ধ ও কঠোর দমন–পীড়নের মধ্যে কঠোর নিয়ন্ত্রণে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গত সপ্তাহান্তে তৃতীয় ও শেষ ধাপের ভোট সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে ২৮ ডিসেম্বর শুরু হওয়া নির্বাচন কার্যক্রমের সমাপ্তি ঘটে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকার উৎখাতের চার বছরেরও বেশি সময় পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তিন ধাপের ভোটেই প্রভাব বিস্তার করে ইউএসডিপি সংসদের দুই কক্ষেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নিম্নকক্ষে মোট ২৬৩টি আসনের মধ্যে দলটি ২৩২টি এবং উচ্চকক্ষে ঘোষিত ১৫৭টি আসনের মধ্যে ১০৯টি আসনে জয় পেয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানানো হয়।
সামরিক সরকারের মুখপাত্র জাও মিন তুন জানান, আগামী মার্চে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সংসদের অধিবেশন বসতে পারে এবং এপ্রিল থেকে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। সামরিকপন্থী ইলেভেন মিডিয়া গ্রুপ এ তথ্য জানিয়েছে। ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। গণতন্ত্রপন্থী আন্দোলন দমনের পর দেশজুড়ে সশস্ত্র বিদ্রোহ ছড়িয়ে পড়ে। জাতিসংঘের তথ্যমতে, এ সহিংসতায় হাজারো মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ৩৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।