অভিজিৎ সেন-অতনু রায়চৌধুরী-দেব-এই ত্রয়ীর ম্যাজিক বক্স অফিসে বারবার প্রমাণিত। টনিক, প্রধান, প্রজাপতি-একটার পর একটা হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রজাপতি ২। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে।
এবার দর্শকের অপেক্ষা টনিক ২-এর জন্য। জানা গেছে, ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি। অর্থাৎ আবারও ফিরবে দেব-পরাণ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় জুটি। আর প্রজাপতি ২ ও টনিক ২-এর ঘোষণা হতেই দর্শকের মনে নতুন প্রশ্ন-কবে আসবে প্রধান ২? আর তাতে কি দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষা কুণ্ডুকে?
উল্লেখ্য, ২০২৩ সালের ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছিল প্রধান। সম্প্রতি ছবির প্রযোজক অতনু রায়চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, “এখন প্রজাপতি ২ চলছে। টনিক ২-এর প্ল্যানিং হচ্ছে, যা এই বছর ডিসেম্বরে আসবে। তার পরেই প্রধান ২।” এরপর সৌমিতৃষার দিকে ইঙ্গিত করে মজার ছলে বলেন, “আর প্রধান ২ হলেই একে দেখতে পাব আমরা।”
এই প্রসঙ্গে সৌমিতৃষা বলেন, “অতনু স্যার বা দেবদার ছবি বছরে খুব বেশি আসে না। কিন্তু তাঁরা চেষ্টা করেন এমন ছবি বানাতে, যার জন্য দর্শক অপেক্ষা করেন।” উল্লেখযোগ্যভাবে, প্রধান ছবির মাধ্যমেই বড় পর্দায় পা রেখেছিলেন সৌমিতৃষা। তার আগে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে।
এরপর তাঁকে দেখা গিয়েছে ১০ই জুন ছবিতে, যদিও সেটি তেমন সাড়া ফেলতে পারেনি। ওটিটিতে হইচইয়ের কালরাত্রি ওয়েব সিরিজের দুই পর্বেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় সৌমিতৃষা। তৃণমূল কংগ্রেসের সভা ও ভোট প্রচারেও তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে। যদিও তাঁর কথায়, এসবের পেছনে কোনো রাজনৈতিক টিকিট পাওয়ার লক্ষ্য নেই।
কেএন/এসএন