ডিজিটাল দুনিয়ার জনপ্রিয় মুখ ভুবন বাম এবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন চলচ্চিত্র ‘কুকু কি কুণ্ডলি’র মাধ্যমে। ধর্মা প্রোডাকশনসের প্রযোজনায় নির্মিত এই ভৌতিক রোমান্টিক কমেডি পরিচালনা করছেন ‘গুঞ্জন সাক্সেনা’ খ্যাত নির্মাতা শরণ শর্মা। ছবিতে ভুবন বামের বিপরীতে অভিনয় করছেন ওয়ামিকা গাব্বি।
চলচ্চিত্রটির শুটিং সূচি মোট পঁচাত্তর দিনের হলেও ভুবন বাম একটানা পঞ্চান্ন দিনের কঠিন শুটিংয়ে অংশ নিচ্ছেন। জানা গেছে, চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তিনি অভিনয়ে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন এবং মেথড অভিনয়ের পথ বেছে নিয়েছেন। ‘কুকু কি কুণ্ডলি’ ছবিতে তিনি কুকু নামের এক অদ্ভুত চরিত্রে অভিনয় করছেন, যার জন্মছকে ত্রুটি থাকায় তাকে নাকি একটি ভূতের সঙ্গে বিয়ে করতে হতে পারে।
কমেডি ঘরানার হলেও চরিত্রটির ভেতরের আবেগ ও জটিলতা ধরতে ভুবন বাম অত্যন্ত নাট্যশৃঙ্খলার সঙ্গে কাজ করছেন। শুটিংয়ের আগে পুরো জানুয়ারি মাস জুড়ে তিনি চরিত্র নিয়ে গভীর প্রস্তুতিতে ডুবে ছিলেন বলে জানা গেছে। নির্মাতা সংশ্লিষ্টরা ছবিটিকে ভৌতিক আবহে মোড়া এক ভিন্নধর্মী রোমান্টিক কমেডি হিসেবে বর্ণনা করছেন, যেখানে হাসির পাশাপাশি থাকবে চমক ও আবেগের মেলবন্ধন।
‘বিবি কি ভাইন্স’-এর মাধ্যমে অনলাইন জগতে বিপুল জনপ্রিয়তা অর্জন করা ভুবন বামের জন্য এই ছবি কেবল বড় পর্দায় অভিষেক নয়, বরং এক নতুন রূপে নিজেকে উপস্থাপনের সুযোগ। উচ্চ ধারণাভিত্তিক ও ঘরানা ভাঙা এই গল্পে আবেগ ও কৌতুকের মিশেলে দর্শকদের চমকে দিতে প্রস্তুত তিনি।
সব মিলিয়ে ‘কুকু কি কুণ্ডলি’ ভুবন বামের অভিনয় জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।
এমআর/টিএ