দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছিল। শোনা গিয়েছিল, ২ ফেব্রুয়ারি উদয়পুরে গাঁটছড়া বাঁধবেন এ জুটি। তবে সেই খবরকে ভুয়া বলে নিজেই পরিষ্কার করে দিলেন রাশমিকা।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করছেন এ অভিনেত্রী। কিন্তু এরপরই আরও একটি সম্ভাব্য তারিখ শোনা যাচ্ছে ফেব্রুয়ারির ২৬ তারিখ। অনুরাগীদের একাংশের বিশ্বাস, ওই দিনই নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।
যদিও এ বিষয়ে এখনো সরাসরি কিছু নিশ্চিত করেননি রাশমিকা বা বিজয় কেউই। গুঞ্জন রয়েছে, রাজস্থানের উদয়পুরেই বসতে পারে বিয়ের আসর। তবে অনুষ্ঠান হবে একেবারেই ঘরোয়া পরিবেশে। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও আত্মীয়স্বজনরাই মূলত উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিনোদন দুনিয়া থেকে হাতেগোনা কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে। শান্তিপূর্ণভাবে বিয়ের সব রীতি সম্পন্ন করতে চান এ জুটি। তাই সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের ভিড় এড়িয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে শোনা যাচ্ছে। তবে বিয়ের পর প্রীতিভোজে থাকবে খানিক জাঁকজমক। হায়দরাবাদে আয়োজন করা হতে পারে সেই সংবর্ধনার অনুষ্ঠান।
কেএন/টিকে