কলকাতার শীতের রাতে যখন অনুভ জৈনের সুরে ভাসছে গোটা শহর, তখন সেই ভিড়ের মাঝেই একেবারে সাধারণ এক শ্রোতা হয়ে দাঁড়িয়ে ছিলেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। ‘বারিষে’, ‘হুসন’, ‘মিশরি’— অনুভ জৈনের গান মানেই তরুণ প্রজন্মের আবেগের ঠিকানা। কিন্তু দিব্যাণীর কাছে অনুভ শুধুই একজন গায়ক নন, তিনি যেন এক অনুভূতির নাম।
সম্প্রতি কলকাতায় অনুভ জৈনের কনসার্টে হাজির ছিলেন দিব্যাণী। সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লেখেন, গত সাত বছর ধরে তিনি অনুভের গান শুনছেন। আর প্রতিবারই সেই গান তাঁর মনের অজানা ক্ষতগুলোকে সারিয়ে তোলে। দিব্যাণীর কথায়, “তোমার গান এমন সব ক্ষত সারিয়ে দিয়েছে, যেগুলো যে ছিল, তা আমি নিজেও জানতাম না। তোমার গান আমার কাছে থেরাপির মতো।”
অনুভের জনপ্রিয় গান ‘মিশরি’-র লাইন উদ্ধৃত করে দিব্যাণী আরও লেখেন, কলকাতার শীতের রাতে সেই সুর যেন আলাদা এক জাদু তৈরি করেছিল। শহরকে এমন এক অবিস্মরণীয় রাত উপহার দেওয়ার জন্য অনুভকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।
শুধু ভক্ত হিসেবেই নয়, ভবিষ্যতে অনুভের সঙ্গে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেছেন অভিনেত্রী। পোস্টের শেষে দিব্যাণী লেখেন, “ম্যানিফেস্ট করছি, কোনোদিন যেন তোমার সঙ্গে কাজ করার সুযোগ পাই।”
সাদা রঙের শর্ট ড্রেসে বন্ধুদের সঙ্গে কনসার্ট উপভোগ করতে দেখা গিয়েছিল দিব্যাণীকে। তাঁর এই খোলাখুলি আবেগ আর ফ্যান-গার্ল মোমেন্ট ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। অনেকেই বলছেন, অনুভ জৈনের গানের শক্তি এখানেই— যা সরাসরি হৃদয়ে গিয়ে ছুঁয়ে যায়।
প্রসঙ্গত, ‘ফুলকি’ খ্যাত দিব্যাণী মণ্ডল খুব শীঘ্রই বড় পর্দায় কেরিয়ার শুরু করতে চলেছেন বলেই ইন্ডাস্ট্রির গুঞ্জন। আর তার মাঝেই অনুভ জৈনের সুরে এমন আবেগী স্বীকারোক্তি যেন তাঁর জীবনের এক বিশেষ অধ্যায় হয়ে রইল।
এবি/টিএ