রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল?
ছবি: সংগৃহীত
০৯:৪৩ এএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছে শাহরুখ খান–কাজল জুটি। বলিউডের ইতিহাসে এই জুটির নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে ‘বাজিগর’, ‘করণ অর্জুন’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ় খান’ এবং ‘দিলওয়ালে’-এর মতো একাধিক আইকনিক ছবি। অনুরাগীদের কাছে আজও এই জুটি বলিপাড়ার সেরাদের অন্যতম।
শুধু অনস্ক্রিন রসায়নই নয়, অফস্ক্রিন কেমিস্ট্রিও একসময় কম চর্চার বিষয় ছিল না। বাস্তব জীবনে শাহরুখ খান ও কাজলের বন্ধুত্ব বহু বছরের। সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ব্যক্তিগত জীবনে একে অপরের সাফল্যে যেমন খুশি হন, তেমনই কঠিন সময়েও পাশে থাকেন দু’জনেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানান, যত রাতই হোক না কেন, প্রয়োজনে নির্দ্বিধায় তিনি শাহরুখ খানকে ফোন করতে পারেন। শুধু তাই নয়, প্রয়োজনে রাত তিনটেয় ফোন করতেও তাঁর কোনও দ্বিধা নেই। আবার বিষয়টি একতরফা নয়, শাহরুখ খানও নাকি যে কোনও সময় কাজলকে ফোন বা মেসেজ করেন।
তবে এই বন্ধুত্বের সংজ্ঞা তাঁদের কাছে আলাদা। কাজলের কথায়, প্রতিদিন সকালে ‘সুপ্রভাত’ মেসেজ পাঠানো বা ফুলের ছবি শেয়ার করাই বন্ধুত্বের প্রমাণ নয়। মজার ছলে তিনি বলেন, এমন কিছু করলে শাহরুখ হয়তো তাঁকে একটা কাঁটাচামচ দিয়ে খোঁচা দেবেন!
শাহরুখ–কাজলের অনস্ক্রিন রসায়নের মতোই অ্যাওয়ার্ড শোতেও তাঁদের উপস্থিতি দর্শকদের আলাদা আনন্দ দেয়। ‘পাঠান’ মুক্তির পর এক সাক্ষাৎকারে কাজলকে প্রশ্ন করা হয়েছিল, শাহরুখ খানকে তিনি কী জানতে চান। কিছুক্ষণ ভেবে কৌতূহলী ভঙ্গিতে কাজলের উত্তর ছিল, “আমি ওকে জিজ্ঞাসা করব, ‘পাঠান’ আসলে কত টাকা উপার্জন করেছে?”
কেএন/এসএন