ওয়াশিংটনে অবস্থান করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে দেখা করেছেন। এ সময় গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধান, খনন এবং প্রক্রিয়াকরণে দ্বিপাক্ষিক সহযোগিতা চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করেন।
এছাড়া জয়শঙ্করের মতে, আলোচনার সময় ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বের বেশ কয়েকটি দিক আলোচনা করা হয়েছিল, যার মধ্যে বাণিজ্য, জ্বালানি, পারমাণবিক, প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ এবং প্রযুক্তি অন্তর্ভুক্ত ছিল।
মার্কিন প্রধান উপ-মুখপাত্র টমি পিগটের জারি করা এক বিবৃতি অনুসারে, রুবিও এবং জয়শঙ্কর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সম্পাদিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা নতুন অর্থনৈতিক সুযোগ উন্মোচন এবং দু’দেশের ভাগ করা জ্বালানি নিরাপত্তা লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে একসাথে কাজ করার গুরুত্বের উপর জোর দিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, রুবিও এবং জয়শঙ্কর কোয়াডের মাধ্যমে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি ব্যক্ত করে তাদের বৈঠক শেষ করেছেন।
ট্রাম্পের ট্রুথ সোশ্যালে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ঘোষণা করার একদিন পরই জয়শঙ্কর এবং রুবিওর মধ্যে এই বৈঠকটি হলো।
চুক্তির অধীনে ওয়াশিংটন দিল্লির উপর পারস্পরিক শুল্ক ২৫ থেকে ১৮ শতাংশে নামিয়ে আনবে।
জয়শঙ্কর ২ থেকে ৪ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছেন এবং বুধবার রুবিও আয়োজিত ক্রিটিক্যাল মিনারেলস মিনিস্ট্রিয়ালে অংশগ্রহণ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে জয়শঙ্কর মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ সদস্যদের সাথেও বৈঠক করবেন।
কেএন/এসএন