টেলিপর্দা থেকে সোশাল মিডিয়া সর্বত্রই তাঁরা অত্যন্ত জনপ্রিয়। তাঁরা আর কেউ নন, ছোটপর্দার জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহার। প্রজাপতি ঋষিকে সাক্ষী রেখে ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার পড়ন্ত শীতের সন্ধ্যায় চারহাত এক হল তাঁদের।
গত একমাস জুড়ে তাঁদের আইবুড়োভাত খাওয়ার পর্ব চলেছে। সোশাল মিডিয়ায় মাঝেমাঝেই তাঁদের সেই বিশেষ মুহূর্তের ছবি দেখেছেন সকলেই। মঙ্গলবার অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন দু’জনে। নবদম্পতির সোশাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের ছবি সেভাবে কিছু না দেখা গেলেও নিমন্ত্রিত ও আত্মীয় বন্ধুরা এই ‘লাভিডাভি ডুয়ো’র বিয়ের মুহূর্ত ভাগ করে নিয়েছেন। সেই ছবিতে চোখ রাখতেই দেখা গেল সিঁদুরে রাঙা প্রিয়াঙ্কাকে।
সাবেকি সাজে সেজেছিলেন প্রিয়াঙ্কা। টুকটুকে লাল শাড়ি, সোনার গয়না, মাথায় শোলার মুকুট, মানানসই মেকআপ ও মুখের মিষ্টি হাসিতেই অভিনেত্রী তথা নববধূ প্রিয়াঙ্কাকে লাগছে এককথায় অসাধারণ। অন্যদিকে শুভ্রজিৎ পরেছিলেন লাল সিল্কের পাঞ্জাবী সাদা সিল্কের ধুতি। এদিন স্টুডিওপাড়ার ঘনিষ্ঠজনেদের নিয়ে বসেছিল প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ের আসর। সোশাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁদের অনুরাগীরা।
ফি বছর এই বিয়ের মরশুমে বিভিন্ন তারকার বিয়ের খবর শোনা যায়। এই বছর তা শুরু হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ের খবরে। এরপর বাগদান সেরেছেন অভিনেত্রী অদ্রিজা রায় আর এবার প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ। উল্লেখ্য এই মুহূর্তে শুধু প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ের ছবিই নয় বরং সোশাল মিডিয়ায় মেহেন্দি থেকে বিয়ের নানা অনুষ্ঠান ও নিয়মরীতির মুহূর্তও ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা। পরেছেন শুভ্রজিতের নামে মেহেন্দি। বিয়ের ঠিক আগের দিন সেই ছবিও ভাইরাল নেটপাড়ায়। বলে রাখা ভালো, তাঁদের রসায়ন ঠিক কতটা পোক্ত তা তাঁদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই বোঝা যায়। বন্ধুত্ব থেকে প্রেম জমাট হয়েছিল জুটির। ২০২৪ সালে সেরেছিলেন আইনি বিয়ে। বছর শুরুর সঙ্গে সঙ্গেই জানা গিয়েছিল যে এবার সামাজিকভাবে চারহাত এক হবে তাঁদের। উল্লেখ্য, এই মুহূর্তে প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’তে। অন্যদিকে শুভ্রজিৎ এর আগে ‘নয়নতারা’, ‘রাখি বন্ধন’ ধারাবাহিকে জনপ্রিয়তা অর্জন করেছেন।
কেএন/এসএন