প্রেক্ষাগৃহে ঝড় তোলা ‘ধুরন্ধর’–এর বিপুল সাফল্যের রেশ কাটতে না কাটতেই এর সিক্যুয়াল নিয়ে ব্যস্ত পরিচালক আদিত্য ধর। দর্শকদের জন্য এবার নাকি অপেক্ষা করছে এক বিশাল চমক। বলিউডের অন্দরে জোর গুঞ্জন- ‘ধুরন্ধর ২’-এ রণবীর সিংয়ের বিপরীতে দেখা যেতে পারে সালমান খানকে।
ইন্ডাস্ট্রির সূত্র অনুযায়ী, সিক্যুয়ালের চিত্রনাট্যে রয়েছে ‘বড় সাহেব’ নামের এক শক্তিশালী ও রহস্যময় চরিত্র।
প্রথম পর্বের সমস্ত ঘটনার নেপথ্যে থাকা এই মাস্টারমাইন্ড চরিত্রটিই নাকি পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। নির্মাতারা এই চরিত্রের জন্য এমন একজন অভিনেতাকে খুঁজছিলেন, যার উপস্থিতি মাত্রই দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। আর সেই জায়গাতেই উঠে এসেছে সালমান খানের নাম।
যদি শেষ পর্যন্ত এই প্রজেক্টে সালমান খান যুক্ত হন, তাহলে তা হতে পারে বলিউডের অন্যতম বড় কোলাবরেশন।
একদিকে রণবীর সিংয়ের দুরন্ত এনার্জি, অন্যদিকে সালমান খানের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজ এই দুই তারকার একসঙ্গে পর্দায় উপস্থিতি বক্স অফিসে ঝড় তুলবে বলেই মনে করছেন ট্রেড বিশ্লেষকরা।
এরই মধ্যে সালমান খানের একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনেক নেটিজেনের ধারণা, ওই ছবিটি ‘ধুরন্ধর ২’-এর ‘বড় সাহেব’ চরিত্রের লুক হতে পারে। যদিও অনেকে আবার বলছেন, এটি পুরনো ছবি বা এআইয়ের মাধ্যমে তৈরি।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, সালমান খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা ইতিবাচক দিকেই এগোচ্ছে। অ্যাকশনভিত্তিক শক্তিশালী চরিত্রে কাজ করতেও নাকি আগ্রহী ভাইজান।
যদিও এখনো পর্যন্ত প্রযোজনা সংস্থা বা সালমান খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
সব মিলিয়ে রহস্য আরো ঘনীভূত। সত্যিই কি ‘ধুরন্ধর ২’-এ সালমান খানের দেখা মিলবে? নাকি সবটাই জল্পনা? উত্তর মিলবে খুব শিগগিরই।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ধুরন্ধর ২’।
এমকে/টিকে