বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করা হবে। জনগণের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালু করা হবে।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের দলীয় প্রার্থী শাহজাহান চৌধুরীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী সভায় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং এটি গণমানুষের দল। যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে, তাদের মুখে স্বাধীনতার কথা মানায় না।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক অধ্যক্ষ আকতার চৌধুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্য বক্তারা বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণ তাদের মতামত জানাবে। বিএনপি বিজয়ী হলে উখিয়া-টেকনাফের উন্নয়ন আগের তুলনায় বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সভা থেকে নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের সমর্থন কামনা করেন।
এসকে/টিকে