আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে।
বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। দেশের সব রিটার্নিং অফিসারকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্টেটসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য এ চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী প্রচারণাকে উৎসবমুখর করার লক্ষ্যে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণার বিষয়ে নির্বাচন কমিশন নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করেছেন: আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করার প্রয়াসে যানবাহনের চতুর্পাশে ডিজিটাল প্রযুক্তি অথবা সাধারণ পচনশীল সামগ্রী ব্যবহার করে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে।
তবে এমন প্রচারণাকালে যানবাহন চলাচলে বিঘ্ন বা জনদুর্ভোগের সৃষ্টি করা যাবে না।’
চিঠিতে নির্বাচনী প্রচারণার বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্টেটসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পিএ/টিএ