এমপি গাজী নজরুলের গ্রেপ্তারের দাবিতে জামায়াত-এনসিপি মাঠে নামবে, প্রশ্ন রাশেদ খানের
ছবি: সংগৃহীত
১০:০৩ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঘটনা হত্যা নাকি আত্মহত্যা বলে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।
সেই সঙ্গে এমপি গাজী নজরুল ইসলামের গ্রেপ্তারের দাবিতে জামায়াত-এনসিপি মাঠে নামবে কিনা সে প্রশ্নও তুলেছেন তিনি।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রশ্ন তোলেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ‘জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে? আশা করি তদন্তে সব বের হয়ে আসবে। কিন্তু এই জামায়াত নেতার গ্রেপ্তারের দাবিতে কি জামায়াত-শিবির মাঠে নামবে? এনসিপির নেতারা কি রাজপথে নেমে স্লোগান দেবে, হৈ হৈ রৈ রৈ জামায়াত- শিবির গেলি কই? নাকি জামায়াত নেতার এই অপকর্মের দায় নিয়ে জামায়াত-শিবির ও এনসিপি চুপ থাকবে?’
তিনি বলেন, ‘গাজী নজরুল ইসলামের সাবেক ড্রাইভার মেয়েটির আপন মামা। হয়তো ছোট্ট ভাগনির সাথে এমপির এমন সম্পর্ক মামা মেনে নিতে পারেননি! তবে মেয়েটির মা-বাবা এমন ন্যাক্কারজনক কাজের সাপোর্ট করে অপরাধ করেছেন।’
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরো লেখেন, ‘আমি মনে করি, জামায়াত এমপি গাজী নজরুল ইসলামসহ মেয়েটির বাবা-মায়ের অতি লোভেরও শাস্তি হওয়া উচিত। জামায়াত-শিবির, এনসিপির দিকে পুরো জাতি তাকিয়ে আছে, কখন তারা হত্যার প্রতিবাদে লং মার্চের আহ্বান করে।’
এরআগে আজ সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলানগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
গত ২১ জুলাই এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে জামায়াতে ইসলামী ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে। বহিষ্কার আদেশে বলা হয়, দলীয় তদন্তে তার ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
তবে নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং তারা ১৭ জুন বিয়ে করেছেন।
কেএন/টিএ