জনপ্রিয় অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নতুন আইনি থ্রিলার চলচ্চিত্র ‘ইক্কা’র।
উচ্চঝুঁকির আদালতনির্ভর এই গল্পে মুখোমুখি হচ্ছেন বলিউডের দুই অভিজ্ঞ অভিনেতা সানি দেওল ও অক্ষয় খান্না। সিদ্ধার্থ পি. মালহোত্রার পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে দেখা যাবে এক খ্যাতিমান আইনজীবীর গল্প, যিনি বাধ্য হন সেই ব্যক্তির পক্ষ নিয়ে লড়তে- যাকে একসময় তিনি নিজেই ধ্বংস করেছিলেন। ফলে আদালতের ভেতরে শুরু হয় বিপজ্জনক লড়াই, যেখানে ঝুঁকির মুখে পড়ে তার সুনাম, নীতি ও ব্যক্তিগত জীবন।
অ্যালথিয়া কৌশল ও মায়াঙ্ক তেওয়ারির লেখা চিত্রনাট্যে নির্মিত এই চলচ্চিত্রে সহশিল্পী হিসেবে রয়েছেন তিলোত্তমা সোম, দিয়া মির্জা, সঞ্জীদা শেখ ও শিশির শর্মার মতো তারকারা।
চরিত্রকেন্দ্রিক এবং নৈতিক দ্বন্দ্বে ভরপুর এই আইনি নাটক বর্তমান সময়ের প্রচলিত ধারার বাইরে এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা উপহার দেবে বলে মনে করছেন নির্মাতারা।
এটি কেবল ন্যায়বিচারের লড়াই নয়, বরং আদর্শ, অহংকার এবং টিকে থাকার এক তীব্র যুদ্ধ- যেখানে প্রতিটি সংলাপ, প্রতিটি সিদ্ধান্তই হয়ে উঠবে ভাগ্য নির্ধারণের মোড়।
এসকে/এসএন