নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ নওগাঁয় যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ জনসভা সফল করতে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জামায়াতের এই সমাবেশ ঘিরে উৎফুল্ল স্থানীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সকাল থেকেই নেতাকর্মীরা জনসভাস্থলে এসে জড়ো হচ্ছেন।
সকালে এটিম মাঠ ঘুরে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা দলে জনসভাস্থলে আসছেন। সময়ের সঙ্গে বাড়ছে উপস্থিতিও। জনসভাস্থলে আসা নেতাকর্মীদের হাতে দেখা গেছে দাঁড়িপাল্লা প্রতীকসহ বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। জনসভা সফল করতে জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি নিরাপত্তায় রয়েছেন স্বেচ্ছাসেবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দলীয় সূত্রে জানা যায়, হেলিকপ্টার যোগে নওগাঁ স্টেডিয়ামে নামবেন ডা. শফিকুর রহমান। সেখান থেকে সরাসরি বেলা ১১টায় এটিম মাঠের নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে নওগাঁর ছয়টি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
নওগাঁয় জনসভা শেষে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরে যাবেন ডা. শফিকুর রহমান।
জেলার সাপাহার থেকে আসা জামায়াতের কর্মী সোবহান হোসাইন বলেন, ‘গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের সময় জামায়াত কোনো কর্মসূচি পালন করতে পারেনি। আজ আমির সাহেব নওগাঁয় আসছেন। কাছ থেকে তাকে দেখবো বলে অপেক্ষা করছি।’
মান্দা থেকে আসা কুদ্দুস আলী বলেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি করায় কষ্ট সহ্য করতে হয়েছে।
দলীয় প্রধানকে আজকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। দেশ নিয়ে আগামীর পরিকল্পনা ও নির্বাচন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য শুনতে পাবো এই জন্যই আসছি।’
নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আ স ম সায়েম বলেন, ‘জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতার থাকার কথা রয়েছে। এই জনসভায় মধ্যে দিয়ে নওগাঁ শহর দাঁড়িপাল্লার শহরের রূপ নেবে। জামায়াতের আমিরের বক্তব্যে মানুষ জানতে পারবে আগামীর বাংলাদেশ কেমন হবে, আমরা কেমন মাতৃভূমি চাই। তারই একটি রূপরেখা তুলে ধরবেন।’
ইউটি/টিএ