রণবীর সিং অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘ধুরন্ধর রিভেঞ্জ’- এর মুক্তিকে কেন্দ্র করে আবারও বদলাতে পারে মুক্তির ক্যালেন্ডার। আদিভি শেশ অভিনীত তীব্র অ্যাকশনধর্মী ছবি ‘ডাকাত’- এর নির্মাতারা আগে ঘোষণা দিয়েছিলেন, ধুরন্ধরের সিক্যুয়ালের প্রভাব তাদের ছবির ওপর পড়বে না। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেই অবস্থান থেকে সরে এসে মুক্তির তারিখ পরিবর্তনের চিন্তা করছেন তারা। আগে ছবিটির মুক্তি নির্ধারিত ছিল ২০২৬ সালের ১৯ মার্চ, এখন তা পিছিয়ে ১০ এপ্রিল করার সম্ভাবনাই জোরালো হচ্ছে।
প্রথম ‘ধুরন্ধর’ চলচ্চিত্রের বিপুল সাফল্যের পর ‘ধুরন্ধর রিভেঞ্জ’ ঘিরে দর্শক প্রত্যাশা আকাশছোঁয়া। এই কারণে ইতোমধ্যেই একাধিক প্রযোজনা সংস্থা নিজেদের ছবির মুক্তির তারিখ সরিয়ে নিয়েছে। সেই তালিকায় এবার ‘ডাকাত’- ও যোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছবিটিতে আদিভি শেশের পাশাপাশি অভিনয় করেছেন মৃণাল ঠাকুর, অনুরাগ কাশ্যপ ও প্রকাশ রাজ, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।
শানিয়েল দেও পরিচালিত এই চলচ্চিত্রটি এসএস ক্রিয়েশনস এবং সুনীল নারাং প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে। মুক্তির সময় সামান্য পেছানো হলে বক্স অফিসে ছবিটি আলাদা করে নজর কেড়ে নিতে পারবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। মৌসুমের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র হিসেবে ‘ডাকাত’ এখনো আলোচনার শীর্ষে রয়েছে, আর কৌশলগত তারিখ পরিবর্তনই হতে পারে এর জন্য বড় সুবিধা।
এসকে/এসএন