সংগীতাঙ্গনের পরিচিত কণ্ঠশিল্পী সালমা আক্তার ক্যারিয়ারের নতুন অধ্যায়ে আর পেছনে ফিরে তাকাতে চান না। নতুন বছরটিকে কাজ, দায়িত্ব ও নিজস্ব পরিকল্পনা ঘিরেই ব্যস্ত রাখতে চান তিনি। ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিষয় নিয়েই আর বিতর্ক বা অপ্রয়োজনীয় আলোচনায় জড়াতে আগ্রহী নন এই গায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান মানসিকতা নিয়ে খোলামেলা কথা বলেন সালমা। তিনি জানান, জীবনের নানা অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে। এখন তিনি শুধু সামনের পথেই এগোতে চান, অতীত নিয়ে আলোচনা বা কারও সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে চান না।
আবেগ ও ব্যক্তিগত অনুভূতি প্রসঙ্গে সালমা বলেন, ‘এই সালমা কান্না করলেও ঘরের মধ্যে।’ তার এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, ব্যক্তিগত দুঃখ-কষ্ট তিনি প্রকাশ্যে আনতে চান না। বরং নিজের শক্ত অবস্থান ধরে রেখে কাজের মধ্য দিয়েই সামনে এগিয়ে যেতে চান এই শিল্পী।
সংগীতজীবনের দীর্ঘ পথচলায় নানা উত্থান-পতনের সাক্ষী সালমা এখন নতুন উদ্যমে নিজেকে গুছিয়ে নিচ্ছেন। ভক্তরাও প্রত্যাশা করছেন, আগামীতেও তার কণ্ঠে নতুন গান ও সৃষ্টিতে মুগ্ধ হবেন তারা।
এমকে/এসএন