শুধু চলচ্চিত্র বা রাজনীতিতেই নয়, পারিবারিক জীবনের প্রতিও যে গভীর দায়বদ্ধতা রাজ চক্রবর্তী অনুভব করেন, তা স্পষ্ট করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। পরিচালক হিসেবেও বারবার দর্শকের মন জয় করেছেন তিনি, আর বিধায়ক হিসেবেও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু নিজের সন্তানদের কাছে তিনি কোন পরিচয় দিয়ে পরিচিত হতে চান সেই প্রশ্নের মুখোমুখি হয়েই তিনি দিয়েছেন সোজাসাপ্টা উত্তর।
রাজ চক্রবর্তী বলেন, “আমি আমার পরিচয় দিতে চাই একজন বাবা হিসেবে। আমি ওদের বাবা এইটুকুই আমার আসল পরিচয়।” তাঁর কথায় স্পষ্ট, সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে বাবা হওয়ার দায়িত্বটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানরা যদি অন্যদের কাছে বাবার পরিচয় দিতে চায় যেমন একজন ভালো পরিচালক বা বিধায়ক তাতেও তিনি আপত্তি রাখেন না। রাজের মতে, সব মিলিয়ে সন্তানের চোখে তিনি যেন সব ভূমিকায় সমানভাবে উপস্থিত থাকেন।
সাক্ষাৎকারের শেষভাগে রাজ বাস্তবতার কথাও মনে করিয়ে দেন। তিনি বলেন, “সব এত সহজ নয়। প্রতিদিন পরীক্ষা দিয়ে এগোতে হয়। এখন পাঁচ বছরে আমি কী করছি, তার ওপরই নির্ভর করবে পরের পাঁচ বছর কেমন যাবে। তাই এখন থেকেই সব বলা সম্ভব নয়।”
চলচ্চিত্র ক্ষেত্রে রাজের সাম্প্রতিক কাজ ‘হোক কলরব’ ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটে যাওয়া এক ঘটনার প্রেক্ষাপটে তৈরি এই ছবি বড় পর্দায় ভালো সাড়া পেয়েছে। অন্যদিকে তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও ব্যস্ত তাঁর নতুন ছবি ‘ওয়েটিং রুম’-এর প্রস্তুতিতে। চলতি বছর দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে তাঁর আরও একটি ছবি, যেখানে বহু বছর পর দেবের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
সব মিলিয়ে কাজের ব্যস্ততা ও দায়িত্বের ভারের মাঝেও রাজ শুভশ্রীর কাছে পরিবারই সর্বোচ্চ। সকল পরিচয়ের বাইরে পারিবারিক বন্ধনই তাদের জীবনের কেন্দ্রবিন্দু।
পিআর/টিকে