সিরিয়াল শেষ হলেও সম্পর্কের বন্ধন ছিন্ন হয়নি, তার প্রমাণ মিলল আবার। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের কাজ শেষ হওয়ার পর আপাতত মেগা থেকে বিরতিতে রয়েছেন রণজয় বিষ্ণু। তবে সহকর্মীদের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক আজও অটুট। আগামী ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিনে অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। বিয়ের আর মাত্র নয় দিন বাকি, আর সেই প্রস্তুতি ও উৎসবের মাঝেই এই মুহূর্তগুলো ভক্তদের কাছে আনন্দের খবরে পরিণত হয়েছে।
এই বিশেষ সময়ে ধারাবাহিকের টিম আয়োজিত করে আইবুড়ো ভাতের পারিবারিক অনুষ্ঠানে রণজয় ও শ্যামৌপ্তিকে সঙ্গ দিয়েছেন রণজয়ের অনস্ক্রিন বাবা অনিমেষ ভাদুড়ি, জেঠিমা তনুশ্রী চক্রবর্তী এবং অন্যান্য সদস্য। সাধারণত আইবুড়ো ভাত আলাদাভাবে খাওয়ার রীতি থাকলেও, রণজয়-শ্যামৌপ্তিকে একসঙ্গে ভোজের পাতে দেখা যায়। তনুশ্রী ও অনিমেষের স্নেহমাখা উপস্থিতি আয়োজনটিকে আরও ঘনিষ্ঠ ও পারিবারিক রূপ দিয়েছে।
টেবিলে ছিল ফিশ ফ্রাই, কাসুন্দি ভেজ ফ্রায়েড রাইস, চিলি চিকেন এবং মাছের একটি পদ। মিষ্টিমুখের জন্য রাখা হয়েছিল কমলাভোগ ও রসমালাই। খাওয়া-দাওয়ার ফাঁকে চলে হাসি-ঠাট্টা, স্মৃতিচারণ এবং জম্পেশ আড্ডা। শ্যামৌপ্তিকে দেখা গেছে শ্যাওলা রঙের সালোয়ারে, আর রণজয় ছিলেন ক্যাজুয়াল লুকে, গলায় গাঁদার মালা। কবজি ডুবিয়ে খাওয়া এবং আড্ডায় মেতে ওঠার মধ্য দিয়ে বিয়ের আগের মুহূর্তগুলো উপভোগ করেছেন তাঁরা।
রণজয় আগেই জানিয়েছিলেন, বাড়তি জাঁকজমক নয়, বরং সাদামাটা বিয়েই তার পছন্দ। বয়সের ফারাক কিংবা অতীতের বিতর্ক কোনওভাবেই তাদের সম্পর্ককে বাধাগ্রস্ত করতে পারেনি। এবার নতুন জীবনের পথে একসাথে পা বাড়াচ্ছেন রণজয়-বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি।
পিআর/টিকে