সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় ‘হাদিস গ্রন্থ সহিহ বুখারি শরিফের’ সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
আলেম সমাজের উদ্দেশে তিনি বলেন, ‘মওদুদির জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও মওদুদি। আমার কাছে এটা নির্বাচন নয়, এটা জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’। সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়।’
তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে। তারা দ্বীনের সঠিক ব্যাখ্যা দেয় না। তাই এই বাতিল শক্তির উত্থান ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
এ অনুষ্ঠানে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরসহ শীর্ষ আলেম-ওলামা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টিকে/